Meghalaya Missing Couple in honeymoon: মেঘালয়কাণ্ডে রহস্যের ইতি! রাজা খুনের পর এবার পাওয়া গেল সোনমকেও। উত্তরপ্রদেশের গাজিপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। নিজের স্বামীর খুনের ষড়যন্ত্রে মাস্টারমাইন্ড তিনি বলে জানা গিয়েছে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেঘালয়ে অভিশপ্ত হানিমুন! ইন্দোরের নবদম্পতি রাজা রঘুবংশী ও সোনমের যাওয়ার কথা ছিল সিমলায়... কিন্তু অমোঘ নিয়তি-ই যেন তাদের টেনে নিয়ে যায় মেঘালয়ে। ২৩ মে নিখোঁজ হয়ে যায় নবদম্পতি। ২ জুন তাদের হোমস্টে থেকে ২০ কিলোমিটার দূরে উদ্ধার হয় রাজার রক্তাক্ত দেহ। তখনও নিখোঁজ ছিল স্ত্রী সোনম।
সেই অন্তর্ধান রহস্যের এবার ইতি। পাওয়া গিয়েছে সোনমকে। কিন্তু তাঁর হাত রক্তমাখা। অর্থাত্ সোনমই নিজের স্বামী রাজাকে খুন করেছে বলে অভিযোগ। উত্তরপ্রদেশের গাজিপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সোনম কনট্র্যাক্ট কিলার অর্থাত্ খুনি ভাড়া করে রাজাকে খুন করার পরিকল্পনা করে। আরও জানা গিয়েছে, সোনমের অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। এবং তিনি নিজের স্বামীর খুনের মাস্টারমাইন্ড। সোনম মধ্যপ্রদেশ থেকে খুনিদের ভাড়া করেন। মেঘের দেশ মেঘালয়ে রাজাকে নিয়ে গিয়ে খুন করায়।
রাজার মৃতদেহ উদ্ধারের পর নিখোঁজ ছিলেন সোনম। তারপর তিনি গাজিপুর থেকেই নিজের পরিবারকে ফোন করে। তখন তার পরিবারই ইন্দোর পুলিসকে খবর দেয়। ইন্দোর পুলিস উত্তরপ্রদেশ পুলিসের সঙ্গে মিলিত হয়ে সোনমকে গ্রেফতার করে।
এই ঘটনায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে সোনম এবং মধ্যপ্রদেশের তিনজন অভিযুক্ত হামলাকারীও রয়েছে। আরও একজন সন্দেহভাজন এখনও পলাতক।
ট্যুরিস্ট গাইডের চাঞ্চল্যকর দাবিতেই তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। তিনি জানিয়েছিলেন, নিখোঁজ হওয়ার দিন দম্পতিকে তিনি শেষবার তিন অজ্ঞাত পুরুষের সঙ্গে দেখেছিলেন। অন্যদিকে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাও মামলার দ্রুত অগ্রগতির জন্য সোশ্যাল মিডিয়ায় পুলিসের প্রশংসা করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)