)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভেঙে পড়ল বায়ুসেনার জাগুয়ার বিমান। গুজরাতের পর এ বার রাজস্থান! বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। ভারতীয় এয়ারফোর্সের ফাইটার জেট বিমানে (Indian Air Force fighter jet crashes) ঘটল ভয়ংকর দুর্ঘটনা! ঘটনাটি ঘটেছে রাজস্থানের চুরুর বানোদা গ্রামে। দুপুর দেড়টায়। রাজস্থানে বায়ুসেনার এই জাগুয়ার বিমান (IAF Jaguar) ভেঙে পড়ায় পাইলট-সহ দুজনের মৃত্যু ঘটেছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। এই নিয়ে গত তিন মাসে ২টি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটল ভারতে (second fatal incident in 3 months)।
মাঠে ভেঙে পড়ল বিমান, দাউদাউ আগুন...
জানা গিয়েছে, এই দুর্ঘটনা ঘটে রাজস্থানের চুরু জেলার রত্নাগড় শহর এলাকায়। গ্রামবাসীদের তরফে জানা যাচ্ছে, আজ, বুধবার বেলার দিকে হঠাৎই বিকট শব্দ শোনেন তাঁরা। কী ঘটেছে? প্রথমে তাঁরা কিছু বুঝতে না পারলেও কিছুক্ষণ পরে দেখেন মাঠের মধ্যে পড়ে রয়েছে এক বিমানের ধ্বংসাবশেষ। এবং দাউদাউ করে আগুন জ্বলছে।
Rajasthan Fighter Plane Crash | রাজস্থানের চুরুর ভানুদা গ্রামে ভেঙে পড়ল সেনাবাহিনীর বিমান, পাইলটের মৃত্যু | Zee 24 Ghanta
— zee24ghanta Zee24Ghanta) July 9, 2025
#rajasthanplanecrash #latestnews #zee24ghanta pic.twitter.com/D7lTVqr7Uc
২ দগ্ধ দেহ
খুব স্বাভাবিক ভাবেই তাঁরা ভয় পেয়ে যান। তবে প্রাথমিক উদ্ধারকাজে নামেন স্থানীয়রাই। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল বাহিনী। স্থানীয় থানার পুলিস আধিকারিকের কাছ থেকে জানা গিয়েছে, দুর্ঘটনার পর বিমানটি থেকে ২ জনের দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছে।
স্মৃতির 'জাগুয়ার'
এই নিয়ে চলতি বছরে দুটি জাগুয়ার বিমান দুর্ঘটনার কবলে পড়ল। এর আগে গত এপ্রিলে গুজরাটের জামনগর থেকে ১২ কিলোমিটার দূরে সুয়ারদার গ্রামের মাঠে ভেঙে পড়েছিল দুই আসনবিশিষ্ট একটি জাগুয়ার যুদ্ধবিমান। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাইলট সিদ্ধার্থ যাদবের। এরও আগে হরিয়ানাতে প্রশিক্ষণ চলাকালীন ভেঙেছিল আরও এক জাগুয়ার বিমান। ভারতীয় বায়ুসেনার নির্ভরযোগ্য এই বোমারু বিমান একাধিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে পাকিস্তানকে দুরমুশ করেছিল এই বিমানই।
আজকের দুর্ঘটনার পরে প্রাথমিক ঘটনাস্থলে গিয়ে মানবশরীরে কিছু অংশ এদিক ওদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গিয়েছিল! তখনই মনে করা গিয়েছিল, পাইলট হয়তো বেঁচে নেই! পরে সেটাই সত্য হয়। খবর পেয়েই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অকুস্থলে ছুটে গিয়েছিলেন। কী ভাবে ঘটল এমন মর্মান্তিক ঘটনা-- তার তদন্ত করা হবে। দ্রুত উদ্ধারকাজ করা হয়।
ইজেকশন মেকানিজম?
তবে একটা প্রশ্ন উঠে আসছে-- কেন কাজ করল না ইজেকশন মেকানিজম? এয়ারফোর্সের ফাইটার জেটে সাধারণত ইজেকশন মেকানিজম থাকে। দুর্ঘটনার উপক্রম হলে পাইলট বোমারু এই বিমান থেকে ছিটকে বেরিয়ে আসেন, প্য়ারাশুট খুলে যায় এবং পাইলট বেঁচে যান। কিন্তু এ ক্ষেত্রে কেন তা হল না?
আমদাবাদ-দুঃস্বপ্ন
প্রসঙ্গত, কদিন আগেই ভারতে ঘটে গিয়েছে এক ভয়াবহ দুর্ঘটনা। আমদাবাদ বিমানবন্দর থেকে প্লেন ওঠার কিছু সময়ের মধ্যেই ভেঙে পড়েছিল বিমান। ১২ জুন, দুপুর ১.১৭ মিনিটে বিমানটি টেক অফ করে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। যাত্রী ছিলেন ২৪২ জন। লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইট। ২৪২ জনের মধ্যে এতে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ৭ জন পোর্তুগিজ, একজন কানাডার বাসিন্দা। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে জানা গিয়েছে, একটি 'মেডে' কল (Mayday call) তারা রিসিভ করেছিল। কিন্তু কিছু পরেই সমস্তরকম কমিউনিকেশন বন্ধ হয়ে যায়।এই দুর্ঘটনা-মুহূর্তের একটি ভিডিয়োও দেখা গিয়েছে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ ভেঙে পড়ার সময়টিকে ধরে রাখা তাতে। দেখা গিয়েছে শুধু কালো ধোঁয়া! ক্র্যাশের মুহূর্তে দেখা যায়, গলগল করে ধোঁয়া বেরোচ্ছে, আকাশ ছেয়ে গিয়েছে বিপুল পরিমাণ কালো ধোঁয়ায়। নীচে বিশাল ধ্বংসস্তূপে আগুনের লেলিহান শিখার উন্মাদ নৃত্য। চারিদিকে পোড়া জিনিসপত্র, ছাই, ধোঁয়া। এবং মৃতদেহের পর মৃতদেহ। সে এক বিভীষিকা ছিল!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)