জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত এবং আফগানিস্তানের (India and Afganistan) বিরুদ্ধে দ্বিমুখী যুদ্ধে প্রস্তুত পাকিস্তান (Pakistan)! সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে এমনটাই জানালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। সম্প্রতি একটি প্রকাশ্য কর্মসূচি থেকে আসিফ বলেন, 'আমরা দুই সীমান্তে লড়াইয়ের (two-front war) জন্য প্রস্তুত রয়েছি। আমরা পূর্ব এবং পশ্চিম, দুই সীমান্তের জন্যই প্রস্তুত।প্রথম দফায় আল্লাহ আমাদের সাহায্য করেছেন এবং দ্বিতীয় দফাতেও তিনি সাহায্য করবেন।'
Add Zee News as a Preferred Source
সরাসরি ভারত এবং আফগানিস্তানের নাম না-করলেও পূর্ব সীমান্ত বলতে ভারত এবং পশ্চিম সীমান্ত বলতে তিনি যে আফগানিস্তানকেই বুঝিয়েছেন, তা স্পষ্ট। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফর এই বক্তব্য উসকানিমূলক বলেই মনে করা হচ্ছে।
মঙ্গলবার ইসলামাবাদে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩৬ জন আহত হওয়ার পর তাঁর এই মন্তব্য এলো। এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবান (TTP)। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার জন্য 'ভারতের সমর্থনে সক্রিয় গোষ্ঠীগুলিকে' দায়ী করেছেন, খাজা আসিফ বলেছেন যে, এই বোমা হামলার মাধ্যমে আফগান তালিবান একটি বার্তা পাঠিয়েছে। আসিফ 'এক্স'-এ একটি বার্তায় বলেন, 'কাবুলের শাসকরা পাকিস্তানে সন্ত্রাস থামাতে পারে, কিন্তু এই যুদ্ধকে ইসলামাবাদ পর্যন্ত টেনে আনা কাবুলের পক্ষ থেকে একটি বার্তা, যার জবাব দেওয়ার পূর্ণ শক্তি পাকিস্তানের রয়েছে—আলহামদুলিল্লাহ।'
আসিফের মন্তব্য দিল্লির গাড়ি বিস্ফোরণ নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্যের পর এসেছে। লালকেল্লার কাছে ১৩ জন নিহত হওয়ার বিস্ফোরণটিকে তিনি কেবল একটি 'গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ' বলে ছোট করে দেখান এবং ভারতকে 'ঘটনাটিকে রাজনীতিকরণ করার' জন্য অভিযুক্ত করেন।
আসিফ বলেন, 'গতকাল পর্যন্ত এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ছিল। এখন তারা এটিকে একটি বিদেশি ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। ভারত শীঘ্রই এর জন্য পাকিস্তানকে দোষারোপ করতে পারে।'
অবশ্য এই প্রথম নয়, এর আগেও এই ধরনের প্ররোচনামূলক মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের মন্ত্রিসভার এই সদস্য। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ নিয়েও আক্রমণাত্মক নানা মন্তব্য করেছিলেন আসিফ। দাবি করেছিলেন, আফগানিস্তানের তালিবান সরকার ভারতের হাতের পুতুল। পাকিস্তানের বিরুদ্ধে চোখ তুলে তাকালে উপড়ে নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।
আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলা এবং তার পরবর্তী সময়ে তালিবান সরকারের জবাব দুই দেশের সীমান্তকে উত্তপ্ত করে তুলেছিল। বর্তমানে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে সমঝোতা হয়েছে। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও তলানিতে। পাকিস্তানে দীর্ঘ দিন ধরে সক্রিয় টিটিপি। আফগানিস্তানে যে তালিবান ক্ষমতাসীন, তাদেরই একটি শাখা পাক তালিবান। ইসলামাবাদের দাবি, আফগানিস্তান এবং ভারতের মদতে এই গোষ্ঠী পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়। কাবুল এবং নয়াদিল্লি বার বার এই দাবি অস্বীকার করেছে।
আরও পড়ুন: Delhi Red Fort Blast: রক্তবীজ মেধাবী সন্ত্রাসী! ডাক্তার-প্রফেসর ফারুকই কি দীক্ষাগুরু উমরদের? নতুন সব ভয়ানক তথ্য...
আরও পড়ুন: Delhi Red Fort Blast: 'ওদের তিলে তিলে কষ্ট দিয়ে ভয়ংকর নির্যাতন করা হোক, তারপর ফাঁসি!' সন্ত্রাসী শাহীনের প্রাক্তন স্বামীর বিস্ফোরক বয়ান...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)