অয়ন ঘোষাল: SBI গ্রাহকদের জন্য ফের দুঃসংবাদ। SBI গ্রাহকদের জন্য আবারও বড় খবর। এটিএম লেনদেনের পর এবার ভারতীয় স্টেট ব্যাঙ্ক তার আরও একটি পরিষেবা বাবদ খরচ বাড়াল। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলেছে এই নতুন চার্জ।
Add Zee News as a Preferred Source
এতদিন এসবিআই গ্রাহকরা এতদিন অনলাইনে আইএমপিএস (IMPS) ট্রান্সফার বিনামূল্যে ব্যবহার করতে পারতেন। তবে, এবার নতুন নিয়ম অনুযায়ী, বড় অঙ্কের টাকা পাঠাতে হলে ফি দিতে হবে। উল্লেখ্য, এই পরিবর্তিত নিয়মের প্রভাব অবশ্য সাধারণ গ্রাহকদের উপর খুব বেশি পড়বে না। কারণ আইএমপিএস-এর মাধ্যমে ২৫,০০০ টাকা পর্যন্ত পাঠানো আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। এর অর্থ হল, যারা ছোট লেনদেন করেন, তাদের কোনও অতিরিক্ত চার্জ নিয়ে চিন্তা করতে হবে না।
কত টাকায় কত চার্জ লাগবে
১) এসবিআই-এর নতুন নিয়ম অনুযায়ী, কোনও গ্রাহক যদি অনলাইন চ্যানেলের মাধ্যমে আইএমপিএস ব্যবহার করে ২৫,০০০ টাকার বেশি লেনদেন করেন, তবে তাকে একটি ফি দিতে হবে।
২) ২৫,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকার মধ্যে লেনদেনের জন্য ২ টাকা এবং তার সঙ্গে প্রযোজ্য জিএসটি চার্জ করা হবে।
৩) ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকার মধ্যে আইএমপিএস লেনদেনের জন্য ফি বেড়ে ৬ টাকা হবে, সঙ্গে জিএসটি যুক্ত হবে।
৪) আইএমপিএস-এর মাধ্যমে ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকার মধ্যে বড় অঙ্কের টাকা স্থানান্তরের জন্য ১০ টাকা এবং তার সঙ্গে জিএসটি চার্জ করা হবে।
প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর থেকেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটিএম লেনদেনের চার্জে বিরাট বদল এনেছে। অন্য এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে এখন থেকে ব্যাংক ২৩ টাকা করে কাটছে। দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক জানিয়েছে, ব্যাংকের ক্রমবর্ধমান ইন্টারচেঞ্জ খরচের কারণেই এই বদল। যার ফলে এসবিআই-তে যাঁদের সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা যদি এসবিআই ছাড়া অন্য কোনও এটিএম থেকে টাকা তোলে, তবে তাদের প্রতিবার টাকা তোলার জন্য ২৩ টাকা করে দিতে হবে। এর সঙ্গে যোগ হবে জিএসটি। ৫ বার ফ্রি লেনদেনের সীমা শেষ হয়ে গেলেই এই ফি ধার্য হবে।
এর পাশাপাশি, মিনি স্টেটমেন্টের জন্যও চার্জ বাড়িয়ে ১১ টাকা করা হয়েছে। তার সঙ্গে যোগ হবে জিএসটি। তবে এসবিআই-এর নিজস্ব এটিএম থেকে লেনদেনের জন্য চার্জ একই রয়েছে। তাতে কোনও বদল হয়নি। বর্তমানে SBI গ্রাহকরা প্রতি মাসে SBI এটিএম থেকে ১০ বার বিনামূল্যে টাকা তোলার সুযোগ পেয়ে থাকেন। তারপর থেকে চার্জ কাটে।
আরও পড়ুন, Bengal Budget 2026: ভোটমুখী বাংলায় মমতার বাজেটে রাজ্যবাসীর জন্য বড় চমক? বাড়ছে লক্ষ্মী ভান্ডার, ডিএ, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী সবের টাকা?
আরও পড়ুন, Seema Bansal success story: 'সিলিং ফ্যান বেচে বাবাকে দাহ করে মা...' আজ ১৫৭ কোটির সাম্রাজ্যের মালকিন সেই স্মল-টাউন গার্ল...বাস্তব হার মানায় রূপকথাকে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)