)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের পথকুকুরের আক্রমণে মৃত্যু। কুকুড়ের কামড়ে প্রাণ হারাল ৪ বছরের এক শিশু। ৮ সপ্তাহের মধ্যে দিল্লি ও এনসিআর এলাকা থেকে সমস্ত পথকুকুরকে সরিয়ে ফেলার 'সুপ্রিম' নির্দেশে বিতর্কের মধ্যেই সামনে এল এই ঘটনা। পথকুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৪ বছরের ওই মেয়ে।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। জানা গিয়েছে, দাভানগরে ৪ বছরের ওই শিশুকন্যাকে পথকুকুর নৃশংস আক্রমণ করে। তারপরই সে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়। যমে-মানুষে টানাটানি চলে কদিন। শেষপর্যন্ত জীবনযুদ্ধে হার মানে ওই শিশু। বেঙ্গালুরুর হাসপাতালে প্রাণ হারাস সে। শাস্ত্রী লে আউটের বাসিন্দা খাদিরা বানু নামে ওই শিশুকন্যা ২৭ এপ্রিল তার বাড়ির বাইরে খেলছিল। ঠিক তখনই তাকে একটি কুকুর আক্রমণ করে। তার মুখ ও শরীরের নানা জায়গায় কামড় দেয়। গুরুতর জখম হয় ওই শিশু। অবস্থার অবনতি হওয়ার পর, দাভানগরের ডাক্তাররা তাকে বেঙ্গালুরুর ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ (IGICH)-এ রেফার করেন।
সেখানেই পরীক্ষায় ধরা পড়ে যে, পথকুকুরের কামড়ে ওই শিশুর জলাতঙ্ক হয়েছে। তবে স্থিতিশীল হওয়ার পর বাড়িতে চিকিৎসার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্ত অগাস্ট মাসে খাদিরাকে পুনরায় ভর্তি করা হয়। এবার তার অবস্থা মারাত্মক খারাপ হয়ে গিয়েছিল। জলাতঙ্কের জেরে আক্রমণাত্মক হওয়ার বদলে ওই শিশুকন্যার পক্ষাঘাত হয়ে যায়। শেষে মারা যায় ওই শিশুকন্যা। উল্লেখ্য, এই বছরের জানুয়ারি থেকে অগাস্টের মধ্যে কর্নাটকে প্রায় ৩ লাখ কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে। ২৬ জন সন্দেহভাজন জলাতঙ্ক রোগে মারা গিয়েছে।
প্রসঙ্গত, কুকুরের কামড়ের ঘটনার প্রেক্ষিতেই ৮ সপ্তাহের মধ্যে দিল্লি ও এনসিআর এলাকা থেকে সমস্ত পথকুকুরকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। কিন্তু 'সুপ্রিম' নির্দেশে বিতর্ক দেখা দেয়। ফলে হস্তক্ষেপ করেছেন প্রধান বিচারপতি। আদালতের নির্দেশ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)