)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি বিহারের (Bihar) খসড়া ভোটার তালিকা (Bihar SIR Row) থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষ নাম। এতগুলো নাম কেন বাদ গেল? তাঁরা কারা? এ নিয়ে প্রশ্ন তুলে বুধবার মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) কাছে জবাব তলব করেছে শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ।
ভুয়ো ভোটার রুখতে সম্প্রতি বিহারে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ। ১ অগাস্ট নির্বাচন কমিশন একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। সেই তালিকা থেকে বাদ গিয়েছে ৬৫ লক্ষের নাম (65 lakh names)। কিন্তু কাদের নাম গিয়েছে সেই তালিকা এখনও দেওয়া হয়নি। এ নিয়েই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়।
বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি উজ্জ্বল ভূঞা এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চে মামলাটি ওঠে। এদিন মামলার শুনানি শুরু হতেই, মামলাকারীদের আইনজীবী বলেন, 'খসড়া তালিকা অনুযায়ী বাদ গিয়েছে ৬৫ লক্ষ নাম। বলা হচ্ছে, ৩২ লক্ষ ভোটার স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন। কিন্তু এ বিষয়ে অন্য কোনও বিবরণ দেওয়া হয়নি। এই ৬৫ লক্ষ কারা, কারা স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন, কারা মৃত— এই তথ্য তাদের প্রকাশ করা উচিত।'
একথা শোনার পর বিচারপতি কান্ত কমিশনের উদ্দেশে বলেন, 'নিয়ম অনুসারে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সংক্রান্ত তথ্য দেওয়ার কথা কমিশনের। শুধু তাই নয় এই সংক্রান্ত তথ্য আদালতেও জমা করতে হবে। কোন কোন রাজনৈতিক দলকে এই তথ্য দিয়েছে, তাও জানাতে হবে কমিশনকে। মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১২ অগাস্ট। তারমধ্যে কমিশনকে (ECI) জবাব দিতে হবে।'
অন্যদিকে, কমিশনের তরফে দাবি করা হয়েছে, রাজনৈতিক দলের প্রতিনিধিদের যে খসড়া তালিকা দেওয়া হয়েছে, তাঁরা তা ভালো মতো দেখলেই সবটা বুঝে যাবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)