SSC Scam: 'আমরা কখনই বলিনি যে কোন বিধি অনুযায়ী নিয়োগ হবে। আমরা ২০১৬ সালে ফিরে গিয়ে নিয়োগ শুরু করার কথা বলিনি। নতুন বিধি আনার ক্ষমতা স্কুল সার্ভিস কমিশনের আছে', পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'নতুন বিধি আনার ক্ষমতা স্কুল সার্ভিস কমিশনের আছে'। এসএসসি মামলায় এবার সুপ্রিম কোর্টে স্বস্তিতে রাজ্য। শীর্ষ আদালতে পর্যবেক্ষণ, আমরা কখনই বলিনি যে কোন বিধি অনুযায়ী নিয়োগ হবে। আমরা ২০১৬ সালে ফিরে গিয়ে নিয়োগ শুরু করার কথা বলিনি। চিহ্নিত অযোগ্যরা কিভাবে উপকৃত হবে? তাদের চাকরি তো বাতিল করা হয়েছে'।
এসএসসি-র ২০১৬ সালের পুরো প্য়ানেলই বাতিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফের নিয়োগ হবে এসএসসি-তে। পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। তবে নয়া পরীক্ষাবিধি প্রকাশ করে দিয়েছে স্কুল শিক্ষা দফতর। সেই নিয়োগ বিধি নিয়েই ফের মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টেই। কিন্তু কলকাতা হাইকোর্টে রায়ের হস্তক্ষেপ করল শীর্ষ আদালত।
এদিন শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মা জানিয়ে দেন, 'এখনকার পরিস্থিতিতে এই নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবেন না'। আদালত বলে, 'যাঁরা দুর্নীতির দায়ে বাদ পড়েছেন, তাঁরা তো বাদ পড়েছেন। যাঁরা নিস্পাপ (আনটেইনটেড), তাঁরা বাড়তি সুযোগ পেলে সমস্যা কোথায়? কারণ তাঁদের তো শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে'। এরপর মামলা প্রত্যাহারের অনুমতি চান চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, 'এতক্ষণ শুনানির পর আমরা অনুমতি দিতে পারব না। সুপ্রিম কোর্ট ভাগ্যের পরীক্ষা করার জায়গা নয়। কোথাও না কোথাও এই মামলাকে থামতেই হবে'।
এর আগে. SSC-র নতুন বিধিকে চ্যালেঞ্জ করে এবার মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর দাবি, SSC-র নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। কিন্তু চাকরিপ্রার্থীদের আবেদন খারিজ করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চ রায় দেন, ২০২৫ সালের নতুন নিয়োগ বিধি মেনেই হবে এসএসসি (SSC) পরীক্ষা। সেই রায়কে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন চাকরিপ্রার্থীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)