)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের শিরোনামে TCS। এবার একসঙ্গে পুনের ২৫০০ কর্মীকে ছাঁটাইয়ের নোটিস ধরানোর অভিযোগ আইটি জায়ান্টের বিরুদ্ধে। আইটি কর্মীদের সংগঠন NITES-এর একটি চিঠি অনুসারে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) পুনের ২,৫০০ কর্মচারীকে তাদের পদ থেকে পদত্যাগ করতে বলেছে বলে অভিযোগ। NITES আরও অভিযোগ করেছে যে TCS-এর এই কর্মী ছাঁটাই ১৯৪৭ সালের শিল্প বিরোধ আইন লংঘন করছে। এই বিষয়ে সরকারকে কোনও নোটিস দেওয়া হয়নি।
NITES জানিয়েছে, "যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের অনেকেই মধ্যম থেকে উচ্চপদস্থ পেশাদার। যাঁরা ১০ থেকে ২০ বছর ধরে কোম্পানিতে আছেন। তাঁদের সার্ভিস দিয়েছেন। তাঁদের একটি বিরাট সংখ্যকের বয়স ৪০ বছরের বেশি। যাদের EMI, বাচ্চার স্কুল ফি, চিকিৎসা খরচ, বয়স্ক বাবা-মায়ের প্রতি দায়িত্বের চাপ রয়েছে। আজকের প্রতিযোগিতামূলক বাজারে তাঁদের জন্য বিকল্প কর্মসংস্থান খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।"
যদিও টিসিএস NITES- এর এই দাবিকে 'ভুল তথ্য' বলে উড়িয়ে দিয়েছে। TCS-এর দাবি, তাদের দক্ষতা পুনর্বিন্যাস উদ্যোগের ফলে খুব কম সংখ্যক কর্মচারীই প্রভাবিত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের যথাযথ সেপারেশন প্যাকেজ দেওয়া হয়েছে। টিসিএস দাবি করেছে,"এখানে ভুল তথ্য শেয়ার করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানে দক্ষতা পুনর্গঠনের সাম্প্রতিক উদ্যোগের ফলে সীমিত সংখ্যক কর্মচারীই প্রভাবিত হয়েছেন।"
প্রসঙ্গত, মাস দুয়েক আগেই ভারতের বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) ঘোষণা করেছিল যে তাঁরা কর্মীসংখ্যার ২ শতাংশ অর্থাৎ ১২ হাজারেরও বেশি কর্মীকে আগামী এক বছরের মধ্যে ছাঁটাই (TCS layoffs) করবে। এই ঘোষণার পর থেকেই নানা পদমর্যাদার কর্মীদের মনে ছাঁটাইয়ের আশঙ্কা দেখা দেয়। কার উপর কোপ পড়তে চলেছে? এই আশঙ্কায় গত কয়েক সপ্তাহে ফোর্সড রেজিগনেশন (Forced Resignation) এবং আকস্মিক পদত্যাগের (Sudden Resignation) সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কর্মীদের মধ্যে অনিশ্চয়তা এবং উদ্বেগ তীব্র আকার ধারণ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় স্তরের আইটি ইউনিয়নের সদস্য তথা টিসিএসের মধ্যস্তরের এক কর্মী দাবি করেন, 'জুন মাস থেকে ছাঁটাইয়ের মুখে পড়া প্রায় ১০ হাজার কর্মী সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের দাবি, ১২০০০ নয়, ছাঁটাইয়ের সংখ্যা ৩০ হাজারেরও বেশি হতে পারে। যেহেতু কর্মীদের নিজেদেরই পদত্যাগ করতে বলা হচ্ছে এবং কোম্পানি তাঁদের ছাঁটাই করছে না, তাই এই সংখ্যাগুলি রেকর্ডে থাকবে না। প্রায় ৮০ হাজার ছাঁটাই হতে পারে!’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)