)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ দেশে যে কোনও পরিবারের কাছেই নতুন গাড়ি কেনা মানে, বাড়িতে এক নতুন সদস্য নিয়ে আসার মতো। শোরুম থেকে গাড়ি ডেলিভারির সময়ে, অনেকেই একটি পাতিলেবুর উপর দিয়ে গাড়ি চাকা চালিয়ে নিয়ে যাওয়াকে খুবই শুভ মনে করেন। তবে এহেন প্রথাগত আচার পালন করতে গিয়েই মহাবিপত্তি ঘটল নয়াদিল্লির নির্মাণ বিহারের এক মাহিন্দ্রার শোরুমে (Mahindra)।
ঠিক কী ঘটল?
গত সোমবার সন্ধ্যার ঘটনা। ২৯ বছরের মহিলা মানি পাওয়ার, শোরুম থেকে মাহিন্দ্রা থার রক্স মডেলের গাড়িটি বার করার আগে, পুজো দিয়ে লেবুর রীতিই পালন করতে গিয়েছিলেন। কিন্তু গাড়ি খুব ধীরে চালাতে গিয়ে, ভুলবশত পা অ্যাক্সেলেরেটরের উপর দিয়ে ফেলেন। আর এরপর পাওয়ারের ২৭ লাখি থার, সোজা গিয়ে শোরুমের কাঁচ ভেঙে, ফার্স্ট ফ্লোর থেকে ছিটকে নীচে পড়ে যায়। গাড়িতে ছিলেন পাওয়ার ও শোরুমের কর্মী বিকাশ। দুর্ঘটনার সঙ্গেই সঙ্গেই গাড়ির এয়ারব্যাগগুলো খুলে যায়, এবং আহতদের নিকটবর্তী মালিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরই দু'জনকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার ভিডিয়ো নেটপাড়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
পুলিস বলছে...
ডেপুটি কমিশনর অফ পুলিস (ইস্ট) অভিষেক ধানিয়া বলেন, 'সোমবার সন্ধ্যায় আনুমানিক ৬টা ৮ মিনিটে, গাজিয়াবাদের ইন্দিরাপুরামের বাসিন্দা মানি পাওয়ারের একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি), নির্মাণ বিহারের মালিক হাসপাতাল থেকে পাওয়া যায়। তদন্তে জানা গিয়েছে যে, মানি ও তার স্বামী প্রদীপ, নির্মাণ বিহারে অবস্থিত মাহিন্দ্রা শোরুম থেকে একটি থার রক্স গাড়ি কিনেছিলেন।'
কুনজর থেকে সুরক্ষা
পাতিলেবুর উপর দিয়ে গাড়ি চাকা গড়ানোর সঙ্গে জ্যোতিষ ও বাস্তুর সম্পর্ক রয়েছে। লেবু শুক্র ও চন্দ্রের অবস্থান শক্তিশালী করে চারপাশের নেতিবাচক শক্তি দূর করে। যানবাহনের উপর যাতে কোনও অশুভ নজর না পড়ে, সে কারণেই মানুষ এমনটা করে থাকেন। তবে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)