UP dowry death: গ্রেটার নয়ডার পণ নির্যাতনের শিকার নিক্কি ভাটির একটি পুরনো ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা গিয়েছে, নিক্কি হাসিমুখে মার্সিডিজ় গাড়ি চালাতে দেখা যায়। মাত্র কয়েকদিন আগেই, ২৮ বছর বয়সী নিক্কির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশে পণের বলি গৃহবধূ। নিক্কি খুনে তোলপাড় পরিস্থিতি। ইতোমধ্যেই অভিযুক্ত স্বামী-সহ, শাশুড়ি, শ্বশুর এবং ভাসুরকে গ্রেফতার করা হয়েছে। এই আবহেই নিক্কির একটি পুরনো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নিক্কি খোশমেজাজে মার্সিডিজ় গাড়ি চালাচ্ছেন।
ওই মার্সিডিজ গাড়ির মালিক ছিলেন নিক্কির বাবা ভিকারি সিং পাইলা। আর সেই গাড়ির জন্যই দীর্ঘদিন ধরে লোভ করছিল বিপিন। নিক্কির এক আত্মীয় জানিয়েছেন, বিপিন ওই গাড়ি এক বছরেরও বেশি সময় ধরে চেয়ে আসছিল। সে বলেছিল-'মার্সিডিজ দাও, না হয় ৬০ লাখ টাকা দাও।'
জানা গিয়েছে, নিক্কি তাঁর বিউটি পার্লার আবার চালু করতে চেয়েছিলেন। এ নিয়ে স্বামী বিপিন ভাটির সঙ্গে তাঁর ঝগড়া হয়। বিপিন নাকি বলেছিল, রিলস বানানো আর পার্লার চালানো যাবে না। ঝগড়া ধীরে ধীরে মারধরে রূপ নেয় এবং শেষপর্যন্ত বিপিন তাকে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। বিয়ের পর থেকেই নিক্কি তার স্বামী বিপিন ভাটি ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে পণের দাবিতে নির্যাতনের শিকার হচ্ছিলেন। নিক্কির পরিবার জানায়, তারা একটি SUV, রয়্যাল এনফিল্ড বাইক, ৫০০ গ্রাম সোনা এবং নগদ অর্থ দিলেও, শ্বশুরবাড়ির দাবি ছিল আরও ৬০ লাখ টাকা বা মার্সিডিজ গাড়ি।
বেকার দুই ভাটি ভাই:
অন্যদিকে, বিপিন ও রোহিত ভাটি—দুই ভাই বেকার। তারা দুজন বাবার চাল-ডালের দোকানের আয়ে চলত। নিক্কি ও কাঞ্চন যখন একটি বিউটি পার্লার ও বুটিক চালু করেন নিজের পায়ে দাঁড়াতে এবং সন্তানদের স্বপ্ন পূরণ করতে, তখন এই দুই ভাই তাদের আয় থেকে চুরি করা শুরু করে-এমনটাই অভিযোগ করেছে নিক্কির পরিবার। এই নিয়ে ঘন ঘন ঝগড়া হত বাড়িতে।
পার্লার এবং রিলস ভিডিয়োয় আপত্তি:
জানা গিয়েছে, বিপিন ভাটি চাইত না নিক্কি ও কাঞ্চন ইনস্টাগ্রামে রিল ভিডিয়ো বানাক। অথচ, দুই বোন তাদের ব্যবসার প্রচারের জন্য মেকআপ ও বুটিকের কাজ ইনস্টাগ্রামে তুলে ধরতেন। তাদের বাবা এই ব্যবসার খরচ চালিয়েছিলেন যাতে মেয়েরা স্বনির্ভর হতে পারে।
বিপিন রিল পছন্দ না করলেও, সে চেয়েছিল নিক্কির উপার্জনের টাকা নিজের বিলাসবহুল জীবনের জন্য ব্যবহার করতে-এমনই অভিযোগ নিক্কির পরিবারের।
নিক্কির কাকার অভিযোগ:
নিক্কি ও কাঞ্চন ২০১৬ সালের ১০ ডিসেম্বর বিপিন ও রোহিতের সঙ্গে একসঙ্গে বিয়ে করেন। তখন সব ঠিকঠাকই চলছিল। নিক্কির কাকা বলেন, 'আমরা যা পারি, সব দিয়েছি—গাড়ি, জামাকাপড়, গয়না। এমনকি সন্তান জন্মের পর ওরা মোটরসাইকেল চেয়েছিল, সেটাও দিয়েছি। এরপর ওরা বুঝে গেল, আমাদের কাছ থেকে আরও নেওয়া যাবে।' এত কিছু দেওয়ার পরও বিপিনের পরিবার ৩৬ লাখ টাকা দাবি করেছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)