)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভগবান কৃষ্ণ ও বিষাক্ত সাপ কালিয়ার লড়াইয়ের কথা কম-বেশি অনেকেই জানেন। যেখানে ছোটবেলায় কৃষ্ণ যখন বৃন্দাবনে যমুনা নদীর ধারে খেলছিলেন, যখন তিনি শুনতে পান যে কালিয়া নামে একটি বিষাক্ত সাপ নদীটিকে বিপজ্জনক করে তুলেছে। তখন তিনি গ্রামবাসীদের বাঁচানোর জন্য কালিয়ার সঙ্গে লড়াই করেন। এবং অবশেষে তাকে পরাজিত করে কালিয়ার মাথায় উঠে নৃত্য করেন।
কলিযুগে এবার সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল। ঘটনাটি মিরাক্যাল বললেও হয়তো কম হবে। কথায় আছে সাপের 'এক ছোবলেই ছবি'। বিষাক্ত সাপ কামড়ালে খুব কম মানুষ আছে যারা নিজেদের প্রাণ ফিরে পায়। কিন্তু এক্ষেত্রে একেবারেই উল্টে ছবি।
দুই বছরের ছেলের কামড়ে প্রাণ হারাল কোবরা। অলৌকিক এই ঘটনাটি ঘটে বিহারের পটনায়। পশ্চিম চম্পারনের বেত্তিয়ার বাসিন্দা ওই একরত্তি। বাড়ির কাছে খেলার সময় বিষাক্ত কোবরায় তার হাত পেঁচিয়ে ধরে। গোবিন্দ নামে ওই একরত্তি পালটা কামড় বসায় কোবরার গায়ে। তারপরেই গোবিন্দ অজ্ঞান হয়ে পড়ে। ঘটনাস্থলেই সাপটির মৃত্যু হয়।
কয়েক ঘণ্টা পরেই গোবিন্দের অবস্থার অবনতি হতে শুরু করে। গোবিন্দর বাবা-মা তাকে দ্রুত স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে তাকে বেত্তিয়ায় সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটি এখন স্থিতিশীল রয়েছে।
মেডিক্যাল টিম ঘটনাটিকে অত্যন্ত অস্বাভাবিক বলে বর্ণনা করেছে। এবং তাদের মতে, শিশুটির কামড়ের ফলে সাপটির মাথা ও মুখে আঘাত লাগে, যাতে সে মারা যায়। এদিকে, গোবিন্দের উপর বিষের প্রভাব তুলনামূলকভাবে হালকা ছিল, যা তাকে অজ্ঞান করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু প্রাণঘাতী হওয়ার জন্য যথেষ্ট ছিল না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)