Aadhaar Card News: জাল আধার কার্ড শনাক্তকরণে QR Code। কীভাবে কাজ করবে এই কিউ আর কোড? আসছে নয়া আধার অ্যাপও।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আধার কার্ড (Aadhaar Card) নিয়ে নানাবিধ বিতর্কের মধ্যেই এবার যোগ হল নয়া মাত্রা। আধার কার্ড কখনওই প্রথম ও প্রধান পরিচয়পত্র নয়। দাবি করলেন UIDAI প্রধান। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক চলছে। তারমধ্যেই UIDAI প্রধানের আধার কার্ড (Aadhaar Card) নিয়ে এই নয়া দাবি যোগ করতে চলেছে নয়া মাত্রা। প্রসঙ্গত, কেন্দ্র যখন আধার কার্ড চালু করে, তখন এটাই বলা হয়েছিল যে, 'ইউনিক আইডেনটিফিকেশন নাম্বার'-এর মাধ্যমে আধার কার্ডই হতে চলেছে কোনও ভারতীয়ের একমাত্র সচিত্র পরিচয়পত্র।
কিন্তু বায়োমেট্রিক জাল করে ভূরি ভূরি সেই আধার কার্ডই ভুয়ো (Fake Aadhaar Card) তৈরি হতে শুরু করলে শুরু হয় বিতর্ক। ভুয়ো আধার কার্ড প্রসঙ্গে UIDAI প্রধান ভুবনেশ কুমারের দাবি, জাল আধার কার্ড তৈরির চক্র শনাক্তকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে UIDAI। উল্লেখ করেন, আধার কার্ডে সুরক্ষা প্রদানের জন্যই কিউ আর কোড (QR code) দেওয়া হচ্ছে। জাল আধার কার্ড কিউ আর কোড স্ক্যানার অ্যাপের মাধ্যমেই শনাক্ত করা যাবে।
তিনি বলেন, "সমস্ত নতুন আধার কার্ডে একটি করে QR Code থাকছে। এই কিউ আর কোড স্ক্যানিংয়ের জন্য UIDAI-এর একটি আধার কিউ আর স্ক্যানার অ্যাপও রয়েছে। এই অ্যাপের সাহায্যে কিউ আর কোডে থাকা তথ্যের সঙ্গে আধার কার্ডের পরিচয় মেলানো যাবে। এখন যদি কেউ জাল আধার কার্ড তৈরি করে, তাহলে তা সহজেই পরীক্ষায় ধরা পড়ে যাবে।"
ইউআইডিএআই প্রধান ভুবনেশ কুমার আরও জানান, আধার অ্যাপটিও উন্নীত করে একটি নতুন আধার অ্যাপও তৈরি করা হচ্ছে। চূড়ান্ত পর্যায়ে রয়েছে কাজ। বলেন, "একটি ডেমো ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। কাজ চলছে আরও। নয়া অ্যাপটি মূলত আধার নম্বরধারীর সম্মতিতে তাঁর পরিচয় নির্বিঘ্নে 'ডিজিটালি' ভাগ করে নেওয়ার অনুমতি দেবে।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)