)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা মারা গিয়েছেন ১৬ বছর আগে। সেই মরা বাবার পেনশন টানা ১৬ বছর ধরে তুলে গেছেন ছেলে। সবেমিলিয়ে ওই টাকার পরিমাণ ৭৫ লাখ টাকা। কিন্তু শেষরক্ষা হল না। জেলা প্রশাসনের তত্পরতায় সেই টাকা উদ্ধার হল মামলা মোকদ্দমা না করেই।
ঘচনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরেলিতে। অভিযুক্ত ব্যক্তির নাম উমেশ ভরদ্বাজ। বাবা মারা গেলেও দেড় দশকেরও বেশি সময় ধরে বাবার পেনশন বন্ধ হয়নি ট্রেজারির এক শ্রেণির দুর্নীতি পরায়ণ কর্মীর সহায়তায়। নিজেকেই বাবা সাজিয়ে হাজিরা দিতেন। কিন্তু শেষরক্ষা হল না। ধরা পড়ে গেল জালিয়াতি।
ট্রেজারির অফিসার শৈলেশ কুমার সংবাদমাধ্যমে বলেন, সম্প্রতি ট্রেজারিতে এসেছিলেন উমেশ ভরদ্বাজ। তাঁর বয়স হবে ৫৫-৬০ বছর। তিনি এসেছেন তাঁর বাবা সোহন লালের নাম ভাঁড়িয়ে। দেখেই সন্দেহ হয় ট্রেজারি এক কর্মীর। তিনি উমশকে তাঁর ভোটার আইডি, প্যান, আধার জমা দিতে বলেন। হিসেব অনুযায়ী সোহন লালের বয়স হওয়ার কথা ১০৫ বছর । কারণ তাঁর জন্মের সাল ১৯১৯ সাল। ফলে সন্দেহ গাঢ় হয়। উমেশকে জেরা করতেই বেরিয়ে পড়ে সবকিছু।
উমেশ সবকিছু স্বীকার করার পরই চিফ ট্রেজারি অফিসারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা শাসক অবিনাশ সিং। সেই টিম তদন্ত করে দেখে বাবার পেনশন বাবদ মোট ৭৫ লাখ টাকা তুলেছেন উমেশ ভরদ্বাজ। কিন্তু মামলা মোকদ্দমা না করেই সেই টাকা উমেশের কাছ থেকে আদায় করেন ট্রেজারি অফিসাররা। এনিয়ে পুলিসে কোনও এফআইআরও করেনি ট্রেজারি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)