)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরাখণ্ডে(Uttarakhand Almora Bus Accident) বর্ষবরণের উৎসবের আমেজ ফিকে হয়ে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায়। মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের আলমোড়া জেলার ভিকিয়াসেনের কাছে একটি যাত্রীবাহী মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যাওয়ায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও ১১ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন বলে পুলিস সূত্রে খবর।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুমায়ুন মন্ডল বিকাশ নিগম (KMVN)-এর ওই মিনি বাসটি এদিন সকালে দ্বারাহাট থেকে রামনগরের দিকে যাচ্ছিল। বাসে চালক ও কন্ডাক্টর-সহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। ভিকিয়াসেনের কাছে একটি বাঁকে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে কয়েকশো ফুট নিচে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আলমোড়ার সিনিয়র সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ (SSP) দেবেন্দ্র পিঞ্চা জানান, "খাদ থেকে ৭টি দেহ উদ্ধার করা হয়েছে। বাকি ১১ জন আহত যাত্রীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ভিকিয়াসেন সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।" উদ্ধারকাজ তদারকি করতে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন।
উত্তরাখণ্ডের পাহাড়ি ও আঁকাবাঁকা সংকীর্ণ রাস্তাগুলো প্রতি বছরই বহু মানুষের প্রাণ কাড়ে। পরিসংখ্যন অনুযায়ী, এই রাজ্যে বছরে গড়ে ১০০০-এর বেশি পথ দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষা ও শীতকালে বৃষ্টির জল বা ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিপদ কয়েক গুণ বেড়ে যায়। আজকের দুর্ঘটনার নেপথ্যেও প্রতিকূল আবহাওয়া নাকি যান্ত্রিক ত্রুটি ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
২০৩০ সালের মধ্যে পথ দুর্ঘটনা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে চলতি বছর ফেব্রুয়ারি মাসে উত্তরাখণ্ড ক্যাবিনেট ‘রোড সেফটি পলিসি ২০২৫’ অনুমোদন করেছে। নিরাপদ পরিকাঠামো তৈরি, জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে পাহাড়ে মৃত্যুর মিছিল থামাতে বদ্ধপরিকর প্রশাসন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)