WhatsApp scam CFO transfers 2 crore after MD texts: সেই নম্বরের প্রোফাইল পিকচারে কোম্পানির এমডির ছবি। যা দেখে সিএফও বিশ্বাস করেন যে, তাঁর বস তাঁকে মেসেজ করেছেন! এরপরই... কীভাবে কাজ করছে এই ভয়ংকর হোয়াটসঅ্যাপ প্রতারণা চক্র?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপনার খুব 'পরিচিতে'র কাছ থেকে হোয়াটসঅ্যাপ! আর সেই হোয়াটসঅ্যাপ বিশ্বাস করলেই ফাঁদে পা দিয়ে ফেললেন আপনি! ঠিক যেমন কোম্পানির 'এমডি' টেক্সট করেছেন ভেবে ২ কোটি টাকা ট্রান্সফার করতেই চিফ ফিনান্সিয়াল অফিসার বুঝতে পারেন, কত বড় প্রতারণার শিকার হয়েছেন তিনি।
সাইবার অপরাধের এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। এই ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিস। ডিপফেক করা প্রোফাইল ছবি! কোম্পানির এমডি সেজে কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তার সঙ্গেই প্রতারণা! ১ কোটি ৯৪ লাখ টাকা হাতিয়ে নেন সাইবার অপরাধীরা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজনের মধ্যে একজন মধ্যপ্রদেশের দাতিয়ার বাসিন্দা অজয় সাহু ওরফে আজ্জু (২০) এবং উত্তরপ্রদেশের আগরার বাসিন্দা বৈষ্ণ (২৬)।
ইতিমধ্যেই অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন দুটিও বাজেয়াপ্ত করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, একটি অটোমোবাইল ডিলারশিপ কোম্পানির সিএফও একটি অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পান। যে নম্বর থেকে তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ পান, সেই নম্বরের প্রোফাইল পিকচারে কোম্পানির এমডি সুমন্তের ছবি ছিল। যা দেখে সিএফও বিশ্বাস করেন যে, তাঁর বস তাঁকে মেসেজ করেছেন!
বিশ্বাস করে সিএফও প্রতারকের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে শুরু করেন। এরপরই ওই 'এমডি' ছদ্মবেশী প্রতারক দাবি করে যে একটি জরুরি প্রকল্পের জন্য টাকা প্রয়োজন। টাকা পাঠানোর জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর শেয়ার করে ও সিএফও-কে অবিলম্বে ১.৯৪ কোটি টাকা পাঠানোর জন্য নির্দেশ দেয়। বিশ্বাস করে টাকা পাঠিয়েও দেন সিএফও। এরপর আসল এমডিকে ফোনে টাকা পাঠানোর কথা জানাতেই তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন।
ইতিমধ্যেই এই ঘটনায় দায়ের হয়েছে অভিযোগ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িতরা অনলাইনে এমডি ও সিইওদের ছবি খুঁজে বের করত। তারপর সেই ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ প্রোফাইল তৈরি করত। শেষে 'বস' হিসেবে টার্গেট করত কর্মচারীদের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)