)
রাজীব চক্রবর্তী: উপরাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত ঘিরে জল্পনা তুঙ্গে। শুধুই স্বাস্থ্যের কারণ নাকি অন্য কোনও অভ্যন্তরীণ ক্ষোভ? উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) আচমকা পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। সোমবার দুপুর সাড়ে বারোটায় রাজ্যসভার বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন ধনখড়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি-র রাজ্যসভার দলনেতা জগৎপ্রকাশ নাড্ডা এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু।
ওই বৈঠকে কিছু বিষয়ে আলোচনা অসমাপ্ত রেখে বিকেল ৪টেয় ফের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু, সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন নাড্ডা ও রিজিজু দু'জনেই, ফলে বাতিল হয়ে যায় বৈঠকটি। সূত্রের খবর, এতে প্রবল ক্ষুব্ধ হন উপরাষ্ট্রপতি। বিরোধীদের একাংশের দাবি, দুপুর ১২.৩০ থেকে ৪টার মধ্যেই এমন কিছু ঘটেছে, যার ফলেই ধনখড় পদত্যাগের সিদ্ধান্ত নেন। যদিও সরকারিভাবে এখনও কোনও ব্যাখ্যা মেলেনি।
সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনের এই ঘটনায় হতবাক বিরোধী দলগুলিও। সত্যিই কি ধনখড়ের এই পদক্ষেপের নেপথ্যে স্বাস্থ্যের অবনতি না অন্য কোনও রহস্য রয়েছে, এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। প্রশ্ন উঠছে ইস্তফার সময় নিয়েও। আচমকা ইস্তফার বিষয়টি খটকা তৈরি করেছে সকলের মনেই। উপরাষ্ট্রপতির পদের জন্য খুব শিগগিরই নির্বাচন কমিশন একটি দিনের ঘোষণা করার পথে এগোবে। সেই জায়গা থেকে ইন্ডি ব্লক ও বিজেপির নেতৃত্বাধীন ইন্ডি ব্লক নিজেদের প্রার্থী ঘোষণা করবে। এক্ষেত্রে সাংসদদের ভোটদান পর্ব চলবে। ভোটের ফলাফল বের হলে নয়া উপরাষ্ট্রপতি পদে আরোহন করবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)