Acid Attack after Domestic Violence: মেয়েদের উপর অ্যাসিড হামলার খবর প্রায়ই উঠে আসে খবরের শিরোনামে। এবার এক স্ত্রী তাঁর স্বামীর মাথায় ঢেলে দিল অ্যাসিড। চলন্ড বাইকেই এই কাণ্ড। অ্যাসিডে তাঁর মুখ ও গলা ঝলসে গেছে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের অ্যাসিড হামলা শিরোনামে। এবার স্বামীকে অ্যাসিড ছুঁড়ে মারল স্ত্রী। সেই হামলায় গুরুতর আহত স্বামী। ঘটনাটি ঘটেছে ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা জেলায়। আক্রান্ত স্বামী শিবাজী দেববর্মা পেশায় একজন কৃষক। অ্যাসিডে তাঁর মুখ ও গলা ঝলসে গেছে। বর্তমানে তিনি জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন, তবে স্থিতিশীল।
সিধাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাদ্রি সরকার জানান, "বুধবার শিবাজী দেববর্মা তাঁর স্ত্রী সুমিত্রা দেববর্মাকে নিয়ে বাইকে করে চাম্পাহাওরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে সুমিত্রা তার স্বামীর ওপর অ্যাসিড ঢেলে দেয়। যন্ত্রণায় ছটফট করতে করতে তিনি বাইক থামিয়ে নেমে পড়েন।"
তিনি আরও বলেন, "কী ঘটেছে তা বুঝে ওঠার আগেই শিবাজী চিৎকার করতে শুরু করেন। সুমিত্রা আবারও তার ওপর অ্যাসিড ঢালতে চেষ্টা করে, কিন্তু ততক্ষণে গ্রামবাসীরা ছুটে আসায় সে আর পারেনি। গ্রামবাসীরাই দ্রুত তাঁকে জিবিপি হাসপাতালে নিয়ে যান।"
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সুমিত্রা সম্ভবত গার্হস্থ্য হিংসার শিকার ছিলেন, এবং সেই কারণেই তিনি স্বামীর ওপর অ্যাসিড হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, "আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন থাকায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি। আমরা এই ঘটনার ওপর কড়া নজর রাখছি। অ্যাসিড হামলার পর থেকেই সুমিত্রা পলাতক রয়েছেন।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)