Pahalgam Terror Attack: মুসলিমের তৈরি জপমালার থলি হিন্দুদের হাতে-হাতে! পহেলগাঁও-আবহে সামনে এল সম্প্রীতির অনন্য ছবি...

Hindu Muslim Harmony in kalna: গত ১৫ বছর ধরেই বিভিন্ন হিন্দু দেবদেবীর ছবি এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তুলছেন জপমালার থলিতে। মুসলিম ভাইবোনেদের হাতে তৈরি জপমালার এই থলি নিয়েই কৃষ্ণনাম জপ করেন হিন্দুরা! সম্প্রীতির কী অপূর্ব ছবি!

| Apr 27, 2025, 01:29 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুসলিম ভাইবোনেদের হাতে তৈরি জপমালার থলি নিয়ে কৃষ্ণনাম জপ করেন হিন্দু ভক্তরা। বিগত ১৫ বছর ধরেই হিন্দু দেব-দেবীর বিভিন্ন ছবি এমব্রয়ডারি কাজের মাধ্যমে ফুটিয়ে তুলছেন জপমালার থলিতে। কাজটা করে আসছেন কালনার সিংহজুলি এলাকার হজরত মণ্ডল। আর তাঁর হাত ধরে তাঁর স্ত্রী রুপিয়া খাতুন বিবি-সহ গ্রামের আরও মুসলিম মহিলারা এই জপমালার থলি তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন। (তথ্য এবং জপমালার থলির ছবি: সঞ্জয় রাজবংশী)

1/6

হজরত এবং

সম্প্রীতির এমন অনন্য নজির সৃষ্টি করে চলেছেন হজরত, রুপিয়া, আনোয়ারা,শাহানারা, রুনা খাতুনেরা।

2/6

দিল্লি থেকে মায়াপুর

কালনার সিংহজুলি মসজিদপাড়া এলাকার হজরত দিল্লিতে এমব্রয়ডারির কাজের জন্য গিয়েছিলেন। বাড়িতে ফিরে আসার পরে মায়াপুরের ইসকনের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। সেই সূত্র ধরেই তাঁর এই কাজে আসা। 

3/6

পেশা

তারপর থেকে এটাকেই তিনি পেশা বানিয়ে ফেলেন। পাশাপাশি, গ্রামেরই ১৫-১৬ জন মুসলিম মহিলাকে কাজ শিখিয়ে তাঁদের স্বাবলম্বীও করেন তিনি। 

4/6

স্বাবলম্বী হিন্দু-মুসলিম

হজরতের শেখানো পথ ধরেই সেখানে ক্রমশ স্বাবলম্বী হচ্ছেন এলাকার শাহানারা, আনোয়ারা, রুনা খাতুনেরা। ভিনগ্রামের হিন্দু মহিলারাও এই কাজ করে স্বাবলম্বী হচ্ছেন। 

5/6

মায়াপুরে হজরতের থলি

হজরতের কথায়, আমরা হিন্দু-মুসলিমের মধ্যে কোনও ভেদাভেদ দেখি না। এ যে কত বড় সত্যি, বোঝা যায়, যখন জানা যায়, তাঁর বানানো এই জপমালার থলি যায় মায়াপুরেও। কাছেপিঠের মধ্যে নদীয়ার মায়াপুরে জপমালার চাহিদা রয়েছে। তাই সেখানে জপমালার থলি পাঠান তিনি। লাভবানও হচ্ছেন। 

6/6

হিন্দু-মুসলিম সম্প্রীতি

তাহলে? পহেলগাঁওই দিনের শেষে সত্য নয়। তার বাইরেও পৃথিবী আছে, যেখানে প্রতি মুহূর্তে হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভালোবাসার নজির।