Hooghly Incident: অপহরণকারী একজন পুলিসকর্মী! এএসআই পদে কর্মরত! তাজ্জব করা ঘটনা...
1/5বিধান সরকার: খোদ পুলিস-ই অপহরণকারী! ঘটনায় তাজ্জব পুলিসমহল। ভোরবেলা চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি!শেষে মোবাইল টাওয়ার লোকেশন দেখে অভিযুক্তকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিস। উদ্ধার অপহৃত বৃদ্ধ ব্যবসায়ীও।
2/5অপহরণে অভিযুক্ত পুলিসকর্মীর নাম অশোক দাস। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৈদ্যবাটি পদ্মাবতী কলোনির বাসিন্দা তারক ভৌমিক(৬৪)-এর চায়ের দোকান পিয়ারাপুর দিল্লি রোডের পাশে। গতকাল ভোরে সেই দোকান থেকে বৃদ্ধকে একটি গাড়ি করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তারপর বাড়িতে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
3/5এই ঘটনায় শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে বৃদ্ধের পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নামে। রাতে আবারও মুক্তিপণ চেয়ে ফোন আসে। সেই ফোনের লোকেশন দেখে শেওড়াফুলি স্টেশন থেকে অভিযুক্ত অপহরণকারী অশোক দাসকে গ্রেফতার করে পুলিস।
4/5যে নিজেও একজন পুলিসকর্মী! চন্দননগর আদালতে এএসআই পদে কর্মরত অভিযুক্ত অশোক দাস। অভিযুক্তের বাড়ি শেওড়াফুলি রাজার বাগান এলাকায়। সেখান থেকেই অপহৃত বৃদ্ধকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিস। আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।
5/5চন্দননগর পুলিস কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, অভিযুক্ত ওই পুলিস অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। পুলিস সূত্রে খবর,অপহৃত বৃদ্ধের ছেলে কিছুদিন আগে মাদক মামলায় নারকোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয়েছিল।