JU student mysterious death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পুকুর থেকে তৃতীয় বর্ষের ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা করে হাসপাতাল। চাপানউতোরের মাঝেই বন্ধুর কাতর পোস্ট সোশ্যাল মিডিয়ায়, 'আমার মনের গভীরে মেয়েটা বড় শান্তিতে ঘুমোচ্ছে। ওকে ঘুমোতে দিন প্লিজ।'
1/9জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ঝিলে পড়ে যায় তৃতীয় বর্ষের ছাত্রী ইংরেজি বিভাগের অনামিকা মণ্ডল। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
2/9ঠিক কী ভাবে তিনি পুকুরে পড়লেন, তা স্পষ্ট নয়। তবে ছাত্রীর রহস্যমৃত্যু ফের বিতর্কের সৃষ্টি করেছে। ছাত্রী নিজেই পড়ে গেছেন নাকি তাকে কেউ ঠেলে ফেলে দিয়েছে? তা নিয়েও জলঘোলা কম হচ্ছে না।
3/9এসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট মৃতার বন্ধু অত্রি ভট্টাচার্যের। মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লিখলেন, 'আমার ভালবাসায় নিশ্চয়ই কোন খামতি ছিল। আমার পূর্বজন্মের নিশ্চয়ই ছিল কোনও পাপ। তাই শুধু আমাকে না, সকলকে ছেড়ে চলে গেলি। আর কোনও কথা নেই। রাগ নেই। হেসেও উঠবি না আর। আমাকে এই নরক থেকে নিয়ে যেতে পারতিস মিষ্টু।'
4/9শুধু তাই নয় পরের একটি পোস্টে সংবাদমাধ্যমের কাছে অত্রির অনুরোধ, 'আমি যতদিন সামাজিক রাজনৈতিক জীবনে আছি, ততদিন কারোর কাছে হাত জোড় করিনি। আজ করছি আমাদের মিডিয়ার বন্ধুদের কাছে। গত ২৪ ঘন্টায় আমার জীবনের সবচেয়ে ভালবাসার, শেষ সহায়সম্বলের মত মানুষটাকে হারিয়ে আমি ভিখারি হয়ে গিয়েছি। তারমধ্যে আপনারা প্রকাশ্যে এবং ফোনে লাগাতার আমাকে বিবৃতি দিতে বাধ্য করছেন, এবং বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করছেন। বিশ্বাস করুন, এই মুহুর্তে আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো, মৃত মেয়েটির নেশাগ্রস্থতার পরিমাণ, তার ক্যাম্পাসে রাত কাটানোর খতিয়ান এসব নিয়ে কথা বলার মত শারীরিক-মানসিক পরিস্থিতিতে নেই। এতটাই বিপর্যস্ত আমি। যে মৃত্যু আপনাদের কাছে টিআরপি-বাণিজ্যের সূচক, সে মৃত্যু আমার কাছে জীবনের হিসেব উল্টে যাওয়ার চিহ্ন। আমি ভবিষ্যতেও সামাজিক রাজনৈতিক জীবনে থাকব। পালিয়ে যাব না কোথাও। আপনারা প্রশ্ন করার মত প্রশ্ন অনেক পাবেন। এখনকার মত নিস্তার দিন। আমার মনের গভীরে মেয়েটা বড় শান্তিতে ঘুমোচ্ছে। ওকে ঘুমোতে দিন প্লিজ।'
5/9ছাত্রীটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ক্যাম্পাসেরই ঝিলপাড় থেকে৷ কীভাবে ঘটনা ঘটল পুলিসের কাছেই স্পষ্ট নয় এখনও৷ স্পষ্ট নয় কলেজ কর্তৃপক্ষের কাছেও৷ মৃতার বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলে ঘটনাটি বোঝার চেষ্টা করছে।
6/9ছাত্রী নিজেই পড়ে গিয়েছেন নাকি তাকে কেউ ঠেলে ফেলে দিয়েছে? ছাত্রীর আচরণে পড়ে যাওয়ার আগে কোনও অস্বাভাবিকতা ছিল কি? সেই সময় তিনি একাই ঝিলপারে ছিলেন নাকি সঙ্গে কেউ ছিল? এই প্রশ্নের উত্তর বা সিসিটিভি ফুটেজ আছে কিনা কোনওটাই এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
7/9জানা যাচ্ছে,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চার নম্বর গেটের কাছে গৌর দাস বাউল ও তাঁর দলকে নিয়ে ‘ড্রামা ক্লাব’ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন পড়ুয়া ও প্রাক্তনীরা। অনুষ্ঠান চলাকালীনই কয়েকজন ওই ছাত্রীকে পুকুরে পারে পড়ে থাকা অবস্থায় দেখেন।
8/9এর আগে ২০২৩ সালের ৯ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র মূল হস্টেলের বারান্দা থেকে পড়ে মারা যান। সেবারও গোটা ক্যাম্পাস স্তম্ভিত হয়ে গিয়েছিল।
9/9কলকাতা পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর ঘটনা সত্যি। তবে ঠিক কীভাবে মৃত্যু হয়েছে তা প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে।