Nandigram: স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, 'নন্দীগ্রামেও যদি সেই ডায়মন্ড হারবারের হেলথ ক্যাম্পের মডেল বাস্তবায়িত হয়, তাহলে এলাকার মানুষজন স্বাস্থ্য নিয়ে আরও ভালো পরিষেবা পাবে'।
1/8কিরণ মান্না: নন্দীগ্রামেও এবার 'ডায়মন্ড মডেল'। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবারের মত মেডিকেল ক্যাম্পের ক্যাম্পের চাহিদা বাড়ছে খোদ শুভেন্দু অধিকারীর বিধানসভাকেন্দ্রে! স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, 'নন্দীগ্রামেও যদি সেই ডায়মন্ড হারবারের হেলথ ক্যাম্পের মডেল বাস্তবায়িত হয়, তাহলে এলাকার মানুষজন স্বাস্থ্য নিয়ে আরও ভালো পরিষেবা পাবে'।
2/8নন্দীগ্রাম ২ নম্বর ব্লক বিরুলিয়া গ্রামের বাসিন্দা ভীমচরণ বারিক। পেশায় তিনি পরিযায়ী শ্রমিক।
3/8গত বুধবার কেরলের নির্মাণকাজ চলাকালীন দুর্ঘটনায় প্রাণ হারান ভীম। এরপর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের উদ্যোগে কেরল থেকে বিমানে মৃতদেহ আনা হয় কলকাতায়। শুক্রবার দেহ পৌঁছয় নন্দীগ্রামে।
4/8পরে আবার বিরুলিয়া গ্রামে নিহতের বাড়িতে পৌঁছে যান তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য-সহ দলের স্থানীয় নেতারা। স্রেফ পাশে থাকার আশ্বাসই নয়, পরিবারকে আর্থিক সাহায্য করেন তাঁরা।
5/8অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন মৃত ভীমচরণ বারিকের ছেলে রামপদ। বস্তুত, বিজেপি পরিচালিত পঞ্জায়েত এলাকায় তৃণমূলের ভূমিকায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে।
6/8স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন ডায়মন্ড হারবারে স্বাস্থ্য পরিষেবাকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন, তেমনই নন্দীগ্রামেও যদি সেই ডায়মন্ড হারবারের হেলথ ক্যাম্পের মডেল বাস্তবায়িত হয়, তাহলে এলাকার মানুষজন স্বাস্থ্য নিয়ে আরও ভালো পরিষেবা পাবে'।
7/8নন্দীগ্রামে বিধায়ক খোদ শুভেন্দু অধিকারী। আর সাংসদ বিজেপিরই অভিজিত্ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের দাবি, সাংসদ ও বিধায়ক সে অর্থে মৃতের পরিবারের কোনও খোঁজই নেননি। জেলা তৃণমূল নেতা ও জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানিয়েছেন, 'মানুষের কল্যাণে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এর মতো মেডিক্যাল ক্যাম্প চালুর বিষয়ে আমরা নেতৃত্বের সঙ্গে কথা বলব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়া হবে'।
8/8বিজেপি নেতা প্রলয় পালের অবশ্য দাবি, 'তৃণমূলের সমস্ত অভিযোগ ও প্রচার ভিত্তিহীন। আমাদের জনপ্রতিনিধি নেতৃত্ব থেকে কর্মীরা মৃতের বাড়িতে গিয়ে দেখা করেছেন, কথা বলেছেন এবং পরিবারের পাশে রয়েছেন। আর মেডিকেল ক্যাম্প বা স্বাস্থ্য পরিষেবার বিষয়ে তৃণমূল দল সরকারে আছে তাদের নৈতিক দায়িত্ব। যে স্বাস্থ্য পরিষেবা গুলো এখন আছে সেগুলোই ভালো করে চলছে না। সেই দিকে আগে নজর দিক তারপর মেডিকেল ক্যাম্প'।