Pahalgam Terror Attack: বিয়ের মাত্র ৬ দিনেই সব শেষ। ভিসা সমস্যায় ইউরোপ না গিয়ে হানিমুনের জন্য কাশ্মীরের পহেলগাঁওকে বেছে নেন নারওয়াল দম্পতি।
1/8
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাইন ঘেরা ছবি সদৃশ সবুজ মাঠের উপর পড়ে নিথর নেভি অফিসার বিনয় নারওয়ালের দেহ। আর তাঁর পাশেই বসে শোকস্তব্ধ নববিবাহিত স্ত্রী। হাতে চূড়া। যাঁর হাতের মেহেন্দির রং এখনও শুকায়নি!
2/8
মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগাঁওয়ে 'মিনি সুইৎজারল্যান্ড' বলে খ্যাত বৈসরণ উপত্যকায় ভয়াবহ জঙ্গিহানার পরই যে ছবি দেশজুড়ে ভাইরাল হয়ে গিয়েছে। জঙ্গি হামলায় হত্যালীলার প্রতীক হয়ে উঠেছে এই ছবি।
3/8
ভারতীয় নৌসেনার লেফটন্যান্ট অফিসার বিনয় নারওয়াল। ৬ এপ্রিল উত্তরাখণ্ডের মুসৌরিতে হয় এনগেজমেন্ট। তারপর ১৬ এপ্রিল বিয়ে হয় নেভি অফিসার বিনয় ও স্কুলশিক্ষিকা হিমাংশীর। সবকিছু একদম 'পারফেক্ট' চলছিল। নিয়তি বাধ সাধল হানিমুনে গিয়েই!
4/8
বিয়ের পর সুইৎজারল্যান্ডে হানিমুনে যাওয়ার প্ল্যান থাকলেও, ভিসা সমস্যায় শেষমেশ আর ইউরোপে না গিয়ে হানিমুনের জন্য ভূ-স্বর্গ কাশ্মীরের পহেলগাঁওকে বেছে নেন নারওয়াল দম্পতি। যে পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকাকে ভারতের 'মিনি সুইৎজারল্যান্ড' বলা হয়।
5/8
আর কাশ্মীরে হানিমুনে যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই নিঠুর নিয়তির পরিহাসে সব শেষ! বিয়ের মাত্র ৬ দিনেই সব শেষ। স্ত্রীর চোখের সামনে জঙ্গিরা গুলি করে খুন করে ভারতীয় নৌসেনার তরুণ অফিসারকে।
6/8
হামলার পরই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যেখানে হিমাংশীকে বলতে শোনা যায়,"আমরা ভেলপুরি খাচ্ছিলাম। একজন এল। বলল, ও মুসলিম নয়। বলেই আমার স্বামীকে গুলি মেরে দিল।"
7/8
এদিন দিল্লি বিমানবন্দরে ফেরে ভারতীয় নৌসেনা অফিসার বিনয় নারওয়ালের কফিনবন্দি দেহ। চোখের জলে স্বামী বিনয়কে শেষ বিদায় জানান স্ত্রী হিমাংশী। স্বামীর কফিনের সামনে দাঁড়িয়ে চিৎকার করে স্ত্রী হিমাংশী বলেন, "আমি তোমার জন্য সারাজীবন গর্ব করব। জীবনের সর্বত্র গর্ব করব।"
8/8
আর তারপরই সদ্য বিধবার গর্জন,'জয় হিন্দ'। কফিনবন্দি স্বামীকে জড়িয়ে ডুকরে কেঁদে ওঠেন হিমাংশী। এদৃশ্য দেখে চোখের জল বাঁধ মানেনি সেখানে উপস্থিত নেভি অফিসার থেকে পরিবার-পরিজনদেরও। হিমাংশীর নিদারুণ যন্ত্রণায় সমব্যথী দেশের প্রত্যেকটা মানুষ।