Farida Parveen Passed Away: প্রয়াত লালন-বিশারদ সংগীতশিল্পী ফরিদা পারভীন। শনিবার তিনি প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে। মৃত্যুকালে প্রবীণ সংগীতশিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর।
1/8জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। ১৩ সেপ্টেম্বর শনিবার রাত ১০টা ১৫ মিনিটে তিনি মারা যান বলে জানা গিয়েছে।
2/8মৃত্যুকালে প্রবীণ সংগীতশিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। কিছুদিন ধরে পরিস্থিতির অবনতি ঘটায়, সপ্তাহে দুই দিন তাঁকে ডায়ালাইসিস করাতে হয়।
3/8নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কিন্তু ডায়ালাইসিসের পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপরই তড়িঘড়ি তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।
4/8গত বুধবার অবস্থায় অবনতিতে তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সংগীতশিল্পী চলে যান না-ফেরার দেশে।
5/8১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীন গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়।
6/8শুরুতে নজরুলসংগীত, পরে আধুনিক গান দিয়ে ফরিদা পারভীনের যাত্রা শুরু হলেও জীবনের বেশির ভাগ সময় কেটেছে লালন সাঁইয়ের গান গেয়ে। যখন থেকে লালনের গান গাওয়া শুরু হয়েছিল, তারপর আর থেমে থাকেননি।
7/8দেশের পাশাপাশি বিশ্বদরবারেও তিনি লালন সাঁইয়ের বাণী ও সুরের প্রচারে কাজ করে গিয়েছেন। জাপান, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য-সহ বহু দেশে লালনসংগীত পরিবেশন করেছেন।
8/8লালনসংগীতে অবদানের জন্য ১৯৮৭ সালে বাংলাদেশ সরকারের একুশে পদক পান ফরিদা পারভীন। ১৯৯৩ সালে ‘অন্ধ প্রেম’ সিনেমার ‘নিন্দার কাঁটা’ গানটির জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পী (নারী) হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৮ সালে তিনি জাপানের ফুকুওয়াকা পুরস্কার লাভ করেন।