Vaibhav Suryavanshi: মাত্র ১৪ বছর বয়সে আইপিএল অভিষেক। বাকিটা ইতিহাস। বাইশ গজের চর্চায় এখন বৈভব সূর্যবংশী। রইল সাম্প্রতিক থেকে অতীতের কীর্তি। দেখে নিন ঝলকে বৈভবের বায়োডেটা।
1/7গত বছর নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় দু'দিন ধরে হয়েছিল আইপিএল মেগা নিলাম। ৫৭৪ জন ক্রিকেটার নিলামে উঠেছিলেন। ৩৬৬ জন ভারতীয় ও ২০৮ জন বিদেশির ভাগ্য নির্ধারণের পালা ছিল। ৪৮ জন ক্যাপড ও ৩১৮ জন আনক্যাপড ভারতীয় খেলোয়াড় ছিলেন তালিকায়। এবং ১২ জন আনক্যাপড বিদেশি খেলোয়াড়ও ছিলেন। ক্যাপড বিদেশি ১৯৩ ও আনক্যাপড বিদেশির সংখ্যা ছিল ১২। অ্যাসোসিয়েট দেশের ৩ জন খেলোয়াড়ও ছিলেন তালিকায়। আর এই তালিকায় ছিল ১৩ বছরের এক বিস্ময় বালক। তাঁর নাম বৈভব সূর্যবংশী।
2/7নিলামে নজর কেড়েছিলেন বৈভব। ৩০ লক্ষ টাকার বেসপ্রাইজে থাকা ক্রিকেটারকে ১.১০ কোটি টাকায় দলে নেয় রাজস্থান রয়্যালসের। ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নিলানে নাম তুলে আগেই ইতিহাস লিখেছিল বৈভব। এরপর নিলাম মঞ্চে সবচেয়ে কম বয়সে কোটি টাকার উপর আইপিএল চুক্তি করেও বিহারের সমস্তিপুরের ক্রিকেটার রেকর্ড গড়ে। এই বৈভব এবার আইপিএল অভিষেক করে তুমুল চর্চায়। কোটিপতি লিগের প্রথম বল ফেস করেই ছয় হাঁকানো বৈভব, আইপিএল অভিষেকেই রেকর্ড নিয়ে ছেলেখেলা করেছে।
3/7আইপিএলের ৩৬ নম্বর ম্যাচে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস মুখোমুখি হয়েছিল জয়পুরে। ৭ ম্যাচ ডাগআউটে থাকার পর রাজস্থানের হয়ে অষ্টম ম্যাচে বৈভব সুযোগ পায় আইপিএল অভিষেকের। লখনউ ১৮০/৫ রান তুলেছিল স্কোরবোর্ডে। তীরে এসে তরী ডোবে রাজস্থানের। ১৭৮ রানে গুটিয়ে যায় রাজস্থান। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইমপ্যাক্ট সাব হিসেবে ওপেন করতে নেমেছিল বৈভব। ২০ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে সে ফিরে যায়। ২ চার ও ৩ ছক্কা হাঁকিয়ে বুঝিয়েছে যে, সে বড় মঞ্চের পারফর্মার হতে চলেছে। তবে বৈভব এতটাই ছোট যে, আইডেন মারক্রমের বলে, ঋষভ পন্থের হাতে স্টাম্প আউট হয়ে যাওয়ার পর কাঁদতে কাঁদতে ডাগআউটে ফিরেছিল।
4/7১৪ বছর ২৩ দিন বয়সে সূর্যবংশী আইপিএল খেললেন। আইপিএলের বিগত ১৮ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অভিষেককারী বৈভবই। ২০১৯ সালে ১৬ বছর ১৫৭ দিন বয়সে আইপিএলে অভিষেক করেছিলেন প্রয়াস রায় বর্মণ। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার ছিলেন। প্রয়াসের রেকর্ডই নিজের করে নিলেন বৈভব।
5/7আইপিএলে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ছয় মারার নজিরও গড়ল বৈভব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থানেরই রিয়ান পরাগের। অসমীয়া ক্রিকেটারের ১৭ বছর ১৬১ দিন বয়সে ছয় এসেছিল আইপিএলে। আইপিএলে সবচেয়ে কম বয়সে চার মারা ব্যাটারও এখন বৈভব। অতীতে এই রেকর্ড ছিল প্রয়াসেরই।
6/7রব কুইনি, কেভন কুপার, আন্দ্রে রাসেল, কার্লোস ব্রেথওয়েট, জাভন সিয়ারলেস, সিদ্ধেশ লাড, সমীর রিজভি, অনিকেত চৌধুরী, মাহিশ থিকশানার ক্লাবেই নাম লেখালেন বৈভব। আইপিএল অভিষেক ম্যাচের প্রথম বলেই ছয় মারার কৃতিত্ব সকলেরই।
7/7১২ বছর ২৮৪ দিনে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বৈভবের। এলিট গ্রুপ বি ম্য়াচে মুম্বইয়ের বিরুদ্ধে পাটনায় খেলেছিল বৈভব। সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ইতিহাস লিখেছে সে। বিহারের হয়ে দ্বিতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রঞ্জি খেলেও চমকে দিয়েছে বৈভব। বিহারের হয়ে রঞ্জি ছাড়াও কোচবিহার ট্রফি, ভিনু মাকঁড় ট্রফিতেও খেলেছে বৈভব। চলতি বছর সেপ্টেম্বরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে, যুব টেস্টে চেন্নাইয়ে অভিষেক হয় বৈভবের। অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে শতরান (৬২ বলে ১০৪) করে সে।