জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরপর দু'ম্যাচে হারের পর বৃষ্টিতে পণ্ড খেলায় পয়েন্ট ভাগাভাগি। গতবারের আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (KKR) এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। গত মঙ্গলবার শেষ ম্যাচে, দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারাতেই প্লে অফের লড়াই জমিয়ে দিয়েছে কেকেআর। অজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane) এখন ভীষণ ভাবে প্লে-অফের দৌড়ে। শাহরুখ খানের ( Shah Rukh Khan) টিমের আর চার ম্যাচ বাকি রয়েছে গ্রুপে। দিল্লি (DC), রাজস্থান (RR), চেন্নাই (CSK) ও বেঙ্গালুরুর (RCB) সঙ্গে খেলা।
Add Zee News as a Preferred Source
কেকেআর অধিনায়ক রাহানে গত বৃহস্পতিবার সন্ধ্যায়, বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেলের অনুষ্ঠানে হাজির ছিলেন। সেখানে রাহানেকে প্রশ্ন করা হয়েছিল যে, কেকেআর কর্ণধার শাহরুখ খানের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ কেমন বা, রাহানে কীভাবে দেখেন শাহরুখকে। রাহানে বলেন, 'প্রথমেই বলব শাহরুখ খান একজন অসাধারণ ম্যান। সকলে তাঁকে বলিউডের সুপারস্টার হিসাবে চেনেন। কিন্তু আমাদের চোখে তিনি আলাদা। দলের সকল ক্রিকেটারকে সমান চোখে দেখেন তিনি। ভীষণ আন্তরিক একজন। আমি শাহরুখের ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।'

রাহানে এই অনুষ্ঠানে জানিয়েছেন যে, আইপিএল আগামী দিনে আরও বড় হবে। তাঁর মতে ভারতীয় ক্রিকেটের ভবিষ্য়ত্ও ভীষণ উজ্জ্বল। তবে ভারতীয় দলের দীর্ঘদিনের সেবক বলেছেন যে, আইপিএল থেকে পাওয়া টাকা এবং খ্যাতি যেন তরুণদের মাথা ঘুরিয়ে দেয়। তাঁদের তিনি পরামর্শ দিয়েছেন ভালো ক্রিকেট খেললেই টিকে থাকা যায়। ওটাই সব, ভালো খেলার দিকেই যেন সকলের ফোকাস থাকে। ১০ ম্যাচের শেষে ৯ পয়েন্ট নিয়ে কেকেআর এখন সাত নম্বরে। লিগের বাকি ৪ ম্যাচের ভিতর রাহানেদের সব ম্যাচ জেতাই শ্রেয়। তবে কম করে ৩ ম্যাচ জিততেই হবে। কেকেআর যে শেষ চারে যাওয়ার মরিয়া চেষ্টা করবে তা আর আলাদা করে বলার প্রয়োজন নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)