Akash Deep Buys New Car: ইংল্যান্ড থেকে দেশে ফিরে স্বপ্নপূরণ করলেন আকাশ দীপ। বাংলার হয়ে জাতীয় দলে খেলা পেসার কিনলেন আইকনিক এসইউভি। যা মডেল বিশেষে দাম হয় ৪৭ থেকে ৬০ লক্ষ টাকার মধ্যে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত রুদ্ধশ্বাস ৫ ম্যাচের টেস্ট সিরিজ (England vs India) ভারত ২-২ ড্র করেছে। বিলেতে শুভমন গিলরা জিততে না পারলেও, তাদের দুরন্ত পারফরম্যান্স প্রশংসিত হয়েছ। আর এই এপিক ব্যাটলে আগুন জ্বেলেছিলেন বাংলার হয়ে খেলা বিহারি পেসার আকাশ দীপ (Akash Deep)। আকাশ মোট ১৩ উইকেট নিয়েছিলেন সিরিজে।
এজবাস্টনের অজেয় 'দুর্গে' তেরঙা উড়িয়ে ইংল্যান্ডে ইতিহাস লিখেছিল ভারত। অতীতে এজবাস্টনে খেলা ৮টি টেস্টের মধ্যে একটিও জিততে পারেনি ভারত। তবে এবার গৌতম গম্ভীরের টিম সেই ইতিহাসই বদলে দিয়েছে। এজবাস্টনের ঐতিহাসিক জয়ের অন্যতম কারিগর হিসেবে সোনার হরফে লেখা থাকবে আকাশের নাম। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছিলেন ২৮ বছরের বাংলার স্পিডস্টার।
আকাশ ভারতে এসে তাঁর স্বপ্নপূরণ করলেন। কুচকুচে কালো রঙের টয়োটা ফর্চুনার গাড়ি কিনলেন। যে গাড়ি এই দেশে শুধুই নেতা-মন্ত্রী-আমলাদের পছন্দের নয়, অনেকেই ফর্চুনারের প্রেমে। আকাশ ফর্চুনারের ঠিক কোন মডেলের গাড়ি কিনেছেন, তা জানা যায়নি যদিও। আকাশ এখন লখনউয়ে থাকেন, আইপিএল খেলেনও সেই শহরের দল লখনউ সুপার জায়ান্টসের হয়ে। লখনউয়ে এই আইকনিক এসইউভি-র মালিক হতে গেলে খরচ করতে হয় ৪৭ লক্ষ থেকে ৬০ লক্ষের মধ্যেই...
আকাশ পুরো পরিবারকে নিয়েই গাড়ি কিনতে গিয়েছিলেন। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'স্বপ্নপূরণ হল। চাবি পেলাম। যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের সঙ্গেই।' আকাশকে সবার আগে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের টি-২০আই অধিনায়ক সূর্যকুমার যাদব। আকাশের পোস্টে স্কাই কমেন্ট করেছেন, 'বহুত, বহুত বাধাই'! আকাশ দীপ এখন ফর্চুনার কিনলেন। কিন্তু তাঁর কাছে রয়েছে একটি টাটা নেক্সন ও বিএমডব্লিউ এক্স থ্রি।
এজবাস্টনে অসাধারণ ইনিংসের পর আবেগি হয়ে পড়েছিলেন আকাশ। খেলার পর চেতেশ্বর পূজারার সঙ্গে কথা বলতে গিয়ে আকাশের গলা ধরে এসেছিল। আকাশ বলেছিলেন, 'এই বিষয়ে এর আগে আমি কারোর সঙ্গে কথা বলিনি। তবে দু'মাস আগেই আমার দিদি ক্যানসারে আক্রান্ত হয়েছে। আজ আমার পারফরম্যান্সে ও খুবই খুশি হবে এবং ওর মুখে হাসি ফিরে আসবে। এজবাস্টনে যতবারই আমি হাতে বল নিয়েছি, ততবারই ওর ভাবনা আর ছবি আমার মনে এসেছে। এই পারফরম্যান্স ওকেই উৎসর্গ করলাম। আমি ওকে বলতে চাই, দিদি, আমরা সবাই তোর সঙ্গে আছি'। গাড়ি কেনার মুহূর্তে আকাশের সঙ্গে ছিলেন তাঁর দিদি অখণ্ড জ্যোতি সিংও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)