)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র দু’দিনের ব্যবধানে পরপর দু'বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল! (East Bengal Wins 41st CFL) ঘরোয়া লিগের রঙ লাল-হলুদই। সোমবার লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচে, ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ড্র করে ১ পয়েন্ট পেলেই চলত ইস্টবেঙ্গলের। কিন্তু সেখানে বিনো জর্জের ছেলেরা, তিন পয়েন্ট নিয়ে অপরাজিত থেকেই, ঘরের মাঠে ২-১ গোলে হারাল ইউনাইটেড এসসি-কে। লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে এল ৪১ তম কলকাতা লিগের খেতাব।
গত শনিবার ইস্টবেঙ্গলকে গত মরসুমের কলকাতা লিগের চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল আইএফএ। এদিন দুপুরে খেলা শুরুর আগে বঙ্গজ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে সায়ন বন্দ্যোপাধ্যায়দের হাতে লিগের ট্রফি তুলে দেন মেয়র ফিরহাদ হাকিম। ৪৮ ঘণ্টার মধ্যে ফের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। এদিন লাল-হলুদের হয়ে স্কোরলাইনে নাম লেখালেন ডেভিড লালহাসাঙ্গা ও শ্যামল বেসরা। ইউনাইটেড এসসি-র একমাত্র গোল অমিত বসাকের।

এদিন ডেভিড-সায়নরা একাধিক গোলের সুযোগ নষ্ট না করলে ইস্টবেঙ্গলে আরও অনেক বেশি গোলেই জিততে পারত। ৩৭ মিনিটে ডেভিড ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। তবে খেলার শেষ মুহূর্তে ইউনাইটেডকে সমতায় ফেরান অমিত। ৮৮ মিনিটে গোল হজম করেও শ্যামলের গোলে ইস্টবেঙ্গল জিতে যায়। দুর্গা পুজোর আগেই আগাম দীপাবলির উদযাপন শুরু হয়ে যায় ইস্টবেঙ্গল ক্লাবে। লিগ জয়ের পর ইস্টবেঙ্গল সমর্থকদের মশাল জ্বালিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন মাঠে।
ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম লিগ জয় ১৯৪২ সালে। তার পরবর্তীতে ১৯৪৫, ১৯৪৬ , ১৯৪৯, ১৯৫০, ১৯৫২, ১৯৬১, ১৯৬৬, ১৯৭০, ১৯৭১, ১৯৭২, ১৯৭৩, ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৭, ১৯৮২, ১৯৮৫, ১৯৮৭, ১৯৮৮, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৩, ১৯৯৫, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯, ২০০০, ২০০২, ২০০৩, ২০০৪, ২০০৬, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০২৪ এবং ২০২৫ - সর্বমোট ৪১ বার চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল ক্লাব। এর সঙ্গে পরপর ৮ বার (২০১০-২০১৭) লিগ জয়ের কৃতিত্ব ভারতীয় ফুটবলে একটি রেকর্ড।
২০২৫ সালের কলকাতা ফুটবল লিগের গ্রুপ লিগ পর্বে ইস্টবেঙ্গল ক্লাবের ১১ টি ম্যাচে ৭ টি জয়, ২ টি ড্র এবং ২ টি পরাজয়। গোল করে ৩০ টি, গোল খেতে হয় ১০ টি ষ। মোট ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ 'এ' শীর্ষে থেকে সুপার সিক্সে প্রবেশ। এই পর্বে ভানলালপেকা গুইতে'র সর্বোচ্চ গোল - ৫ টি। সুপার সিক্স পর্বে ইস্টবেঙ্গল ক্লাব ৩ টি ম্যাচে ৩ টিতেই জয় পেয়ে ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করে। সুপার সিক্স পর্বে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলকারী জেসিন টিকে - ২ টি গোল। দুই পর্ব মিলিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলকারী ভানলালপেকা গুইতে ৫+১ = ৬ টি গোল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)