Gurpreet Singh Sandhu On Vishal Kaith: সমাজমাধ্যমে তাঁর 'বিশাল' বিতর্কিত পোস্ট! এবার মুখ খুললেন গুরুপ্রীত সিং সান্ধু

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৩ দল নেমেছিল খেতাবি লড়াইয়ে, এখন টিকে রয়েছে স্রেফ ২ দল! আর এবার ২ থেকে ১ হওয়ার পালা। আইএসএল ২০২৪-২০২৫ (ISL 2024-2025) মরসুম পেয়ে যাবে চ্যাম্পিয়নকে। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফাইনাল (ISL Final)। মুখোমুখি এবারের লিগ-শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি (Mohun Bagan Super Giant vs Bengaluru FC)। ২০২২-২৩ মরসুমের পর ফের একবার আইএসএল কাপ জয়ের হাতছানি মেরিনার্সের সামনে। ওদিকে ২০১৮-১৯ মরসুমের পর বেঙ্গালুরুর সামনে খেতাব জয়ের সুযোগ।
ক্লাব ফুটবলের মহাসংগ্রামের আগে উঠে এল জাতীয় দলের সাম্প্রতিক জ্বলন্ত ইস্যুও! ফাইনালে বেঙ্গালুরুর তে-কাঠির নীচে থাকবেন অভিজ্ঞ গুরপ্রীত সিং সান্ধু (Gurpreet Singh Sandhu)। ওদিকে মোহনবাগানের রক্ষণের শেষ প্রহরী বিশাল কাইথ (Vishal Kaith)। দুই ফুটবলারের ক্লাব আলাদা হলেও, তাঁরা কিন্তু জাতীয় দলে একই ড্রেসিংরুম ভাগ করে নেন। সম্প্রতি গুরুপ্রীতের একটি পোস্ট ঘিরে রীতিমতো বিতর্ক হয়েছিল। ভারতীয় ফুটবল ভক্তরা রে রে করে উঠেছিলেন।
আইএসএল ফাইনালের আগে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। তবে বেশি পিছোতে হবে না। গত মাসের শেষ দিকের ঘটনা। মানোলো মারকোয়েজের ভারত শেষ দুটি ম্যাচ খেলেছিল মলদ্বীপ ও বাংলাদেশের বিরুদ্ধে। মলদ্বীপের বিরুদ্ধে ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বাংলাদেশের বিরুদ্ধে খেলা ছিল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের।
বিশাল ছিলেন গোলের নীচে। মলদ্বীপের বিরুদ্ধে ভারত জিতলেও, বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করতে হয়েছিল। এরপর গুরপ্রীত সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন, 'পার্থক্য আছে'। নেটিজেনরা মোটেই এই পোস্ট ভালো চোখে দেখেননি। তাঁরা ভেবেই নিয়েছিলেন যে, বিশালকে ঘুরিয়ে কটাক্ষ করেছেন গুরপ্রীত। কারণ বাংলাদেশের বিরুদ্ধে বিশাল বেশ কিছু ভুল করেছিলেন।
আইএসএল ফাইনালের আগে শুক্রবার, আজ দুপুরে সাংবাদিক বৈঠক হয়ে গেল নিউটাউনের এক অভিজাত হোটেলে। হাজির ছিলেন মোহনবাগানের কোচ হোসে মোলিনা ও অধিনায়ক শুভাশিস বোস। তাঁদের সঙ্গে ছিলেন বেঙ্গালুরুর কোচ জেরার্ড জারাগোজা ও অধিনায়ক গুরপ্রীত। তাঁকে এদিন ওই পোস্ট সংক্রান্ত নেটপাড়ার প্রতিক্রিয়া নিয়ে জানতে চাওয়া হয়েছিল। গুরপ্রীত বলেন, 'দেখুন সোশ্যাল মিডিয়া আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেখানকার কন্টেন্টে মানুষ কী ভাবছে, তা আপনার হাতে নেই। আমি বিশালকে সত্যিই পছন্দ করি। সে একজন দুর্দান্ত পেশাদার এবং একই সঙ্গে অসাধারণ গোলকিপার। আমার এবং আমাদের দলের মাথায় এসব কিছুই ঘোরে না। আমরা সবাই ফাইনালেই ফোকাসড। এবং বাকি সবকিছু নিছকই আওয়াজ। আমাদের শুধুই ফুটবলে মনোনিবেশ করতে চাই।' গুরপ্রীত বুঝিয়ে দিলেন যে, অনুজ বিশালকে তিনি কোন নজরে দেখেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)