)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। তিনি শুধুই অসাধারণ ক্রিকেটের কারণে খবরে আসেন না। 'কুং ফু পাণ্ডিয়া' ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্টেও চর্চায় থাকেন। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে তাঁর 'এয়ারপোর্ট লুক' নিয়েও বেশ চর্চা হচ্ছে।
বৈভবের চাদরে নিজেকে মুড়িয়ে রাখা হার্দিকের পরনে ছিল রঙ-বেরংয়ের ওভার সাইজ সোয়েটার। সঙ্গে মানানসই কালো কার্গো। প্ল্যাটিনামের গলার চেইন ও ব্রেসলেটটিও ছিল দেখার মতো। তবে এই সবকিছুকেই ছাপিয়ে গিয়েছিল হার্দিকের হাতঘড়ি। মুম্বইয়ে হার্দিকের হাতে শোভা পেয়েছিল RM 67-02 Sébastien Ogier।
এই ঘড়ির প্রসঙ্গে আসার আগে জানিয়ে রাখা দরকার যে, হার্দিক কিন্তু 'ওয়াচ এনথুসিয়াস্ট', রিশা মিল, প্যাটেক ফিলিপ, ওডোমা পিগে, রোলেক্সের মতো বিশ্ববন্দিত ব্র্যান্ডের ঘড়ি রয়েছে তাঁর সংগ্রহে। কোটি কোটি টাকার ঘড়ি পরা হার্দিকের কাছে জলভাত। সোনা-হিরে-নীলকান্ত মণি খচিত ঘড়িই হার্দিকের হাতে শোভা পায়।
এবার আসা যাক হার্দিকের ঘড়ির প্রসঙ্গে। বিশ্ববন্দিত সুইস ঘড়ি নির্মাতা রিশা, তিনি বেশ কিছু মডেলের ঘড়ি সীমিত সংস্করণ করেই তৈরি করেন। তারই একটি 'রিশা মিল ৬৭-০২ সেবাস্তিয়ান ওহঝায়'। ফরাসি র্যালি ড্রাইভারের সঙ্গে রিশার দারুণ সম্পর্ক। বন্ধুতার খাতিরেই ঘড়ির নামকরণ করা হয়েছে। হার্দিকের ঘড়ির দাম ভারতীয় মুদ্রায় ৩.৩৭ কোটি টাকা। এখন প্রশ্ন এই ঘড়ি কেন এত দামি? কী এমন বিশেষত্ব এই ঘড়ির? যেখানে এই ঘড়ির দামে রোলস রয়েস গাড়ি চলে আসতে পারে! এক তো রিশা মিলের বিরাট ব্র্যান্ড ভ্যালু, দুই এই ঘড়ির নির্মাণশৈলী ও উপকরণ। কর্মক্ষমতা, আরাম এবং স্থায়িত্ব নিয়েও কোনও প্রশ্ন নেই। মাত্র ৩২ গ্রাম ওজনের, এই ঘড়ি বিশ্বের সবচেয়ে হালকা স্বয়ংক্রিয় ঘড়িগুলির মধ্যে একটি, গ্রেড ৫ টাইটেনিয়াম দিয়ে তৈরি হয়েছে যা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচে হার্দিকের হাতে শোভা পেয়েছিল RM 27-02 Tourbillon Rafael Nadal মডেলের ঘড়ি। আরএম ২৭-০২ টুবিওন রাফায়েল নাদাল' সিরিজটি ২০১৫ সালে তৈরি করেছেন রিশা মিল। 'আরএম ২৭-০২ টুবিওন রাফায়েল নাদাল' ঘড়িটি মাত্র ৫০ পিস তৈরি হয়েছে। হার্দিক ছাড়াও এই ঘড়ি রয়েছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিরও। হার্দিকের ঘড়িটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৭ থেকে ৮ কোটি টাকার মতো!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)