KKR: রোহিতদের ঘর থেকে বিতাড়িত! এখন কেকেআরে, 'সব্যসাচী'-র ভূমিকা নিয়ে মুখ খুললেন হর্ষিত

Harshit Rana On Abhishek Nayar: পারফরম্যান্স নেই বলেই ভারতীয় দল ছাঁটাই করেছে অভিষেক নায়ারকে! তবে কেকেআরের সাপোর্ট স্টাফের  মাহাত্ম্য নিয়ে এবার বড় কথা বলে দিলেন হর্ষিত রানা। 

শুভপম সাহা | Updated By: May 6, 2025, 05:35 PM IST
KKR: রোহিতদের ঘর থেকে বিতাড়িত! এখন কেকেআরে, 'সব্যসাচী'-র ভূমিকা নিয়ে মুখ খুললেন হর্ষিত

শুভপম সাহা: ২০২৪ সালের জুলাই মাস। টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সুপারিশেই, কলকাতা নাইট রাইডার্স (KKR) ছেড়ে অভিজ্ঞ অভিষেক নায়ার (Abhishek Nayar) ঢুকেছিলেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) সাজঘরে। ৯ মাসের মাথায় নায়ারকে চাকরি থেকে ছাঁটাই করে বিসিসিআই (BCCI)! যদিও একটা দিনের জন্যও তাঁকে বেকার বসতে হয়নি বাড়িতে! যে কেকআর ছেড়ে তিনি চলে গিয়েছিলেন, সেই কেকেআরই তাঁকে ফের আপন করে নিয়েছে। নায়ার এখন অজিঙ্কা রাহানেদের (Ajinkya Rahane) সাপোর্ট স্টাফ। 

Add Zee News as a Preferred Source

গত রবিবার ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস এনকাউন্টারে কেকেআর ১ রানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। গ্রুপ পর্বে রাহানেদের বাকি আর তিন ম্যাচ। সব ম্যাচ জিততে পারলেই কলকাতার প্লে-অফ পাকা। আগামিকাল ইডেনেই কেকেআর খেলবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। খেলার আগের দিন সকালে চার নাইট তারকা হাজির ছিলেন বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেলে। কেকেআরের অফিসিয়াল পার্টনার 'ভিডল'-এর ইভেন্টে এসেছিলেন উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি-কক, পেসার হর্ষিত রানা, স্পিনার ময়াঙ্ক মারকাণ্ডে ও অলরাউন্ডার মঈন আলি। 

আরও পড়ুন:  ইডেনে বিধ্বংসী রিয়ান হাঁকালেন ৬,৬,৬,৬,৬,৬! গেইল-জাদেজাকে ছুঁয়েও কেন হল না ইতিহাস?

এদিন হর্ষিতের কাছে প্রশ্ন ছিল, তাঁর কাছে কেরিয়ারের টার্নিং পয়েন্ট কী এবং কেকেআরের পরিবেশ কেমন? দিল্লি ৬ ফুট ২ ইঞ্চির ফাস্টবোলার ২০২২ থেকে রয়েছেন কেকেআরে। বেগুনি-সোনালি জার্সিতে এখনও পর্যন্ত ৩২ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছেন হর্ষিত। গত মরসুমে তাঁর ঝুলিতে ছিল ১৩ ম্যাচে ১৯ উইকেট। গতবারের সর্বাধিক উইকেটশিকারিদের তালিকায় ছিলেন পাঁচে। কেকেআরে ভালো পারফর্ম করাতেই জাতীয় দলের দরজা খুলে যায়। 

দেশের হয়ে ক্রিকেটের তিন সংস্করণেই খেলা হয়ে গিয়েছে হর্ষিতের। তিনি বলছেন, 'গত মরসুমে কেকেআরের হয়ে খেলাই ছিল আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। আমি নিজের মাইন্ডসেট বদলেছি। উন্নতি করেছি। কেকেআর জীবন বদলে দিয়েছে।' কেকেআরের পরিবেশ প্রসঙ্গে তাঁর সংযোজন, 'কেকেআরে দলের পরিবেশ দারুণ। অল্পবয়সী ক্রিকেটাররা নিজেদের গ্রুম করার পরিবেশ পায়। আর নায়ার ভাই ক্রিকেটারদের খুব ভালো বোঝেন। কেকেআরে খেললে মনে হয় যেন ঘরেই আছি।' হর্ষিত কেকেআরের হয়ে শিরোপা জেতার পাশাপাশি চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের অংশও ছিলেন হর্ষিত। 

গত বছরের শেষের দিকে টেস্ট ক্রিকেটে ভারতের ভরাডুবি মূল্যায়নে বিসিসিআই পর্যালোচনা করেছিল। যার মধ্যে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ এবং বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-৩ ব্যবধানে হার। রিভিউ মিটিংয়ের পর নায়ার বাদ পড়েছেন পারফরম্যান্স নেই বলেই। হায়দরাবাদের প্রাক্তন ৪১ বছরের সব্যসাচী অলরাউন্ডার নায়ার। ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে তাঁর ঝুলিতে ৯১৮৫ রানের সঙ্গেই রয়েছে ২৭৯ উইকেট! ২০১৮-২০২৪ পর্যন্ত তিনি কেকেআরের সংসারেরই ছিলেন।

আরও পড়ুন: ১৪৩৫ উইকেটের সঙ্গে ৩৭৬৩ রান, আইপিএলে ফিরেই প্রশ্নের মুখে! গোপনে ড্রাগ কাণ্ড?

গতবছর নায়ার কলকাতাকে তৃতীয় ট্রফি জেতানোয় বড় অবদান রেখেছিলেন। যদিও নায়ার কখনও ঘরোয়া ক্রিকেটে কোচিং করাননি। তবে তিনি রোহিত শর্মা, দীনেশ কার্তিক, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার এবং অঙ্গকৃষ রঘুবংশী সহ-বেশ কয়েকজন আন্তর্জাতিক এবং নতুন খেলোয়াড়ের সঙ্গে একান্তে কাজ করেছেন। দলে নায়ারের অবদান স্বীকার করে নিলেন হর্ষিতও। ওদিকে মঈন আলি এদিন বললেন, যে রিয়ান পরাগের হাতে পাঁচ বলে পাঁচ ছক্কা হজম করার ঘটনা এই মরসুমে তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। 

 
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.