Heinrich Klaasen Announces Retirement: আন্তর্জাতিক ক্রিকেটকে আচমকাই আলবিদা মহাতারকার! বাইশ গজ স্তব্ধ হয়ে গিয়েছে এই সিদ্ধান্তে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ কী শুরু হয়েছে বাইশ গজে! এ যেন ধেয়ে এসেছে সন্ন্যাসের সুনামি! বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) দেখানো পথে হেঁটেছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আর ম্যাক্সির সার্ভিস পাবে না অস্ট্রেলিয়া। তাঁর ওডিআই ছাড়ার কিছুক্ষণের ভিতরেই চলে এল আরেক সাদা বলের সুপারস্টারের অবসরের আপডেট। দক্ষিণ আফ্রিকার মহারথী হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) জানিয়ে দিলেন যে, তাঁকে আর কোনও সংস্করণেই আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়া যাবে না। অবসরের ঘোষণা করে দিলেন ৩৩ বছরের ক্রিকেটার। আচমকাই তাঁর অবসরের সিদ্ধান্তে চমকে গিয়েছে বাইশ গজ।
চলতি বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করেছেন ক্লাসেন। আর তার কয়েক মাস পরেই নিলেন চূড়ান্ত সিদ্ধান্ত। বিস্ফোরক ব্যাটিং এবং মিডল অর্ডারের স্থিতিশীলতার জন্য পরিচিত ক্লাসেন। সাদা বলের ক্রিকেটে তাঁর ছাপ রেখে গেলেন। ওডিআই-তে ২১৪১ রান করেছেন তিনি। টি-টোয়েন্টিআই-তে আছে ১০০০ রান। টেস্টে করেছেন ১০৪ রান। চারটি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। ইনস্টাগ্রাম পোস্টে ক্লাসেন লম্বা বিবৃতি দিয়েছেন অবসরের প্রসঙ্গে। ক্লাসেন লেখেন, 'আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। আমার জন্য আজ একটা দুঃখের দিন। ভবিষ্যতের আমার এবং আমার পরিবারের জন্য কী ভালো হবে, সেই সিদ্ধান্ত নিতে আমার অনেক সময় লেগেছে। এটা সত্যিই খুব কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু সেই সঙ্গে আমি শান্তিতে আছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন প্রথম থেকে দেখেছি। এই নিয়েই কাজ করেছি এবং স্বপ্ন দেখেছি।'
২০২৪ সালেই ক্লাসেন ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটকে বিদায় জানিয়ে ছিলেন। কিন্তু ওডিআই এবং টি-টোয়েন্টি সার্কিট থেকে তাঁর হঠাৎ বিদায় দক্ষিণ আফ্রিকার পাওয়ার-হিটিং ব্লুপ্রিন্টের বিরাট ধাক্কা। এর সঙ্গেই যুগের সমাপ্তি ঘটল। ৫ নম্বর ব্যাটার হিসেবে সর্বাধিক ব্যক্তিগত ওডিআই স্কোর ক্লাসেনের দখলেই আছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুক্ষে ৮৩ বলে অপরাজিত ১৭৪ রান করেছিলেন। একা হাতে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন ক্লাসেন।
২০১৮ সালে ভারতের বিরুদ্ধে অভিষেক করেছিলেন ক্লাসেন। স্পিনের বিরুদ্ধে তাঁর ধৈর্য এবং চাপের মধ্যে ধারাবাহিক খেলার ক্ষমতায় ক্লাসেন দ্রুত প্রশংসিত হতে থাকেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি কেবল দক্ষিণ আফ্রিকার জন্যই নয় বরং বিশ্বব্যাপী বিভিন্ন টি-টোয়েন্টি লিগে একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে ওঠেন। সম্প্রতি ২০২৫ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। ব্যাট হাতে অবদান রেখেছেন, যদিও দলটি পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থান অর্জনের পর প্লে-অফ থেকে ছিটকে গিয়েছিল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এসআরএইচের শেষ ম্যাচে ৩৯ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেছিলেন ক্লাসেন!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)