)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জেতা টেস্ট হারা বা হারা টেস্ট জেতা! এই দুই প্র্যাকটিসই ভারতীয় দলের বহু বছরের। লর্ডসে ভারত-ইংল্যান্ড চলতি সিরিজের তৃতীয় ম্যাচের চতুর্থ দিনের শেষে খেলার রাশ ছিল ভারতের হাতেই। শুভমন গিলদের জেতার জন্য প্রয়োজন ছিল ১৩৫ রানের। আর বেন স্টোকসদের প্রয়োজন ছিল ৬ উইকেট! দেশের তারকা ব্যাটারদের ভরাডুবিতে ১৩৫ রানই হয়ে গিয়েছিল ভারতের কাছে পাহাড় প্রমাণ! রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) সর্বস্ব দিয়েও বৈতরণী পার করাতে পারলেন না। ২২ রানে হেরে ভারত সিরিজে ১-২ পিছিয়ে গেল...
প্রথম ইনিংস দুই দলই ৩৮৭ রানে থেমেছিল। এপর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯২ রানে অল আউট হয়ে যায় ইংরেজরা। বল হাতে ভারতের নায়ক হয়েছেন ওয়াশিংটন সুন্দর। ৪ উইকেট নিয়েছেন এই স্পিনার। দু'টি করে উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। জো রুট ব্রিটিশদের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছিলেন। লর্ডস জেতার জন্য ১৯৩ রানের টার্গেট ছিল ভারতের। কিন্তু চতুর্থ দিনেই ভারতের টপ অর্ডার গুঁড়িয়ে দেন আর্চার-স্টোকস। যশস্বী জয়সওয়াল (০), করুণ নায়ার (১৪), শুভমন গিল (৬) ও আকাশ দীপ (১) ফিরে গিয়ে ইংল্যান্ডকে লাইফ-লাইন দিয়েছিলেন। দিনের শেষে ৩৩ রানে অপরাজিত ছিলেন রাহুল।
রাহুলের উপরেই ছিল সকলের আশা-ভরসা। কিন্তু পঞ্চম দিনে ব্যাট করতে নেমে রাহুল আর মাত্র ছ'টি রান যোগ করতে পেরেছিলেন। স্টোকসের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। তার আগে আরেক তারকা ঋষভ পন্থ আউট হয়ে যান ৯ রানে। এরপর পুরোটাই ছিল জাদেজার একক অনুষ্ঠান। ১৩১ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেন তিনি। জাদেজারে কেরিয়ারে যে ইনিংস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে তিনি এদিন আর কাউকে পেলেন না, যে তাঁর হাত ধরে ভারতকে জেতাতে পারবে। নীতীশ কুমার রেড্ডি ( ৫৩ বলে ১৩), বুমরা (৫৪ বলে ৪) ও সিরাজরা (৩০ বলে ৪) আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু হল না লর্ডস জেতা। সিরিজের শুরুতেই লিডসে ৫ উইকেটে হেরেছিল ভারত। এরপর এজবাস্টনে ঐতিহাসিক ৩৩৬ রানে জয়ে সিরিজে সমতায় ফেরে। লর্ডসে ২২ রানে হেরে সিরিজে আবার পিছিয়ে পড়লেন শুভমনরা। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু চতুর্থ টেস্ট।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)