)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত এশিয়া কাপের ফাইনালে (India In Asia Cup Final 2025) ওঠার পরদিনই, অজিত আগরকরের (Ajit Agarkar) নির্বাচক কমিটি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণা করে দিল বৃহস্পতি দুপুরে (India Test Squad vs West Indies Series 2025)। উইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দু'ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন শুভমন গিলরা (Shubman Gill)। ১৫ সদস্যের দলে ঢুকতে পারলেন না স্বয়ং সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। পাশাপাশি বাদ পড়লেন করুণ নায়ারও (Karun Nair)।
করুণের করুণ কাহিনি
প্রায় সাত বছর পর ইংল্যান্ড সিরিজে টেস্ট দলে ফিরেছিলেন করুণ। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম করার পরেই ফের জাতীয় দলের দরজা খুলে গিয়েছিল, বীরেন্দ্র শেহওয়াগের পর ভারতের দ্বিতীয় টেস্ট ট্রিপল সেঞ্চুরিয়ানের। তবে বিলেতে চার ম্যাচে খেলেছিলেন করুণ। কিন্তু মাত্র একটি অর্ধ-শতকই করতে পেরেছিলেন। ওভালে শেষ টেস্টে যা এসেছিল। মিডল অর্ডার ব্যাটার প্রায়শই শুরুটা ভালো করতেন এবং ক্রিজে তাঁকে বেশ কম্পোজডই দেখাত। তবুও বড় রানে তা রূপান্তর করতে পারনেনি। এমনটা করতে পারলে হয়তো তাঁর দলে জায়গা পাকা হয়ে যেত। দেখতে গেলে ইংল্যান্ডের অগ্নিপরীক্ষায় ছাপ না ফেলার কারণেই গম্ভীরের সংসার ছাড়তে হল করুণকে।
উইন্ডিজের বিরুদ্ধে ভারতের দল
ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির দলটিই প্রায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অপরিবর্তিত রয়েছে। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টের সময় ডান পায়ের হাড় ভেঙে যাওয়ার পর থেকেই পন্থমাঠের বাইরে। ফলে ধ্রুব জুরেলকেই প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে মনোনীত করা হয়েছে। এবং তামিলনাড়ুর এন জগদীশনকে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জগদীশন অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে ১১৩ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। প্রয়োজনে তিনি তৃতীয় বিশেষজ্ঞ ওপেনার হিসেবেও সুযোগ পেতে পারেন। জগদীশন এসে যাওয়ায় বাংলার অভিমন্যু ঈশ্বরণের দলে জায়গা হল না। করুণ নায়ারের জায়গায় দেবদত্ত পাড়িক্কল দলে ফিরেছেন। পাড়িক্কাল ২০২৪-২৫ বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলে ছিলেন এবং পারথ টেস্টে খেলেছিলেন। স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর রয়েছেন। ফিরে এসেছেন অক্ষর প্যাটেল। অন্যদিকে জসপ্রীত বুমরার সঙ্গে পেস আক্রমণে জুটি বাঁধবেন মহম্মদ সিরাজ। ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে টেস্ট খেলার পর অক্ষর দলে ফিরলেন।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
২ অক্টোবর ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট আমদাবাদে, সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু ১০ অক্টোবর থেকে। ইংল্যান্ড সিরিজের পর ভারতের প্রথম লাল-বলের আউটিং হবে ঘরের মাঠে। রোহিত শর্মার জুতোয় পা গলিয়ে ইংল্যান্ডে ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে পথ চলা শুরু হয়েছে শুভমনের। এবার টেস্ট নেতা শুভমন ঘরের মাঠে প্রথম নেতৃত্ব দেবেন লাল বলের ক্রিকেটে। এরপর ভারত নভেম্বরে টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। উইন্ডিজের বিরুদ্ধে ভারতের হোম সিরিজ তরুণ অধিনায়ক এবং তাঁর দলকে তৈরি করার আদর্শ মঞ্চ গড়ে দেবে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতীয় দল
শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, এন. জগদীশন (উইকেটকিপার) মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও কুলদীপ যাদব।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)