জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জিম্বাবোয়ের হারারে স্পোর্টস ক্লাবে চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল (Under-19 World Cup Final 2026)। এই টুর্নামেন্টের সর্বাধিক ৫ বারের চ্যাম্পিয়ন ইন্ডিয়া মুখোমুখি ইংল্যান্ডের (India vs England Score, U19 World Cup 2026 Final)। টস জিতে প্রথমে ব্যাট করে আয়ুশ মাত্রের ভারত থমাস রিউয়ের ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারে তুলল ৯ উইকেটে ৪১১ রান! সৌজন্যে ভারত মায়ের দামাল ছেলে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।
Add Zee News as a Preferred Source
বিধ্বংসী বৈভব সূর্যবংশীর তাণ্ডব
ফাইনালের বৈভবের বিধ্বংসী ইনিংস দেখার পর নেটপাড়া এখন তাকে 'জুনিয়র অভিষেক শর্মা' (Junior Abhishek Sharma) বলেই ডাকছে। ওপেন করতে নেমে এদিন ভয়াবহ বৈভব করল ৮০ বলে ১৭৫। ১২৬ মিনিটের ধ্বংসলীলা চলে বৈভবের। বিস্ময় বালক ২১৮. ৭৫-এর স্ট্রাইক রেটে ব্যাট করে ১৫ চার ১৫ ছয় হাঁকাল। বৈভব ছাড়া অধিনায়ক মাত্রে (৫১ বলে ৫৩) ও অভিজ্ঞান কুন্ডু (৩১ বলে ৪০) ব্যাট হাতে অবদান রেখেছেন। ৩০ প্লাস ইনিংস খেলেছেন- বেদান্ত ত্রিবেদী, বিহান মালহোত্রা ও কণিষ্ক চৌহান।
আরও পড়ুন: রক্তাক্ত হাঁটুতে ছিঁড়ল পেশিও! বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা! মাথায় বাজ পড়ল ভারতীয় দলের
বৈভব এদিন যে ৭ রেকর্ড করলেন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে সর্বাধিক স্কোর: বৈভবের ১৭৫ রানই শীর্ষে। ভারতের উনমুক্ত চাঁদ ১১১* (২০১২) এবং অস্ট্রেলিয়ার ব্রেট উইলিয়ামসকে ১০৮ (১৯৮৮) ছাপিয়ে গেল সে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় হিসাবে সর্বোধিক স্কোর: এবারও সেই বৈভব। রাজ বাওয়াকে ১৬২* (২০২২) ছাড়িয়ে ভারতীয় হিসেবে এই টুর্নামেন্টের সর্বাধিক ব্যক্তিগত স্কোরের রেকর্ড করল।
যুব ওডিআই-তে দ্রুততম ১৫০: মাত্র ৭১ বলে ১৫০ রানের মাইলস্টোন তৈরি করল বৈভব। ৯৮ বলের আগের রেকর্ড ভেঙেছে সে।
এক ইনিংসে সর্বাধিক ছয়: বৈভব ১৫ ছক্কা হাঁকাল। যুব ওয়ানডে এবং U19 বিশ্বকাপ ম্যাচে সর্বাধিক ছক্কা।
একটি টুর্নামেন্টে সর্বাধিক ছক্কা: ৩০ ছক্কায় বিশ্বকাপ অভিযান শেষ করল বৈভব। দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিসের ২২ ছয়ের রেকর্ড ভাঙল সে
অনূর্ধ্ব-১৯ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি: ৫৫ বলে বৈভব সেঞ্চুরি করেছে। যা ভারতীয় হিসেবে দ্রুততম। উইল মালাজকুকের (২০২৬ সালে ৫১ বলে ১০০) পরে সামগ্রিক ভাবে দ্বিতীয়।
সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান: ১৪ বছর বয়সে বৈভব টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিকারী খেলোয়াড় হল
বৈভবের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বৈভব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বাধিক রানশিকারি হিসেবে শেষ করল। ৬২.৭১-এর গড়ে এবং ১৬৯.৪৯-এর স্ট্রাইক রেটে সে ব্যাট করেছে । তার এই টুর্নামেন্টে মোট সংগ্রহ ৪৩৯ রান। একক সংস্করণে ভারতীয় হিসেবে তৃতীয় সর্বাধিক। একে আছেন সরফরাজ খান (৫৬৬) এবং দুয়ে শিখর ধাওয়ান (৫০৫)।
আরও পড়ুন: '২০০৯ লাহোর অ্যাটাক!' বেইমানদের ঘরে ডেকে ইন্ডিয়া ইস্যুতে চরম হুঁশিয়ারি রাবণের দেশের, ইন্ডিয়া ম্যাচ বয়কট করলেই...
টানা তিনবার কি হবে?
২০০০ সালে মহম্মদ কাইফের নেতৃত্বে ভারত ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। এরপর ২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারত ডাকওয়ার্থ-লুইস সিস্টেমে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তাদের দ্বিতীয় ট্রফি জেতে। ২০১২ সালে ফাইনালে অপরাজিত সেঞ্চুরি করা উনমুক্ত চাঁদের নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়। ২০১৮ সালে পৃথ্বী শ'র নেতৃত্বে ভারত ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চতুর্থবার শিরোপা জেতে। ২০২২ সালে যশ ধুলের নেতৃত্বে ভারত ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে পঞ্চম শিরোপা জিতেছিল। ২০২৬ সালে মাত্রে কি পারবেন ইতিহাস লিখতে? উত্তর আর কয়েক ঘণ্টায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)