IPL 2025 Final Eden Gardens: ইডেন থেকে IPL ফাইনাল সরায় ক্ষুব্ধ রাজ্য, এই বঞ্চনায় রাজনীতি দেখছেন ক্রীড়ামন্ত্রী...

IPL 2025 Final Eden Gardens: ইডেন থেকে আইপিএল ফাইনাল সরে গিয়েছে। যা মানতে পারছেন না অরূপ বিশ্বাস। সাফ বলে দিলেন যে, এই চক্রান্তে তিনি রাজনীতিই দেখতে পাচ্ছেন...  

শুভপম সাহা | Edited By: শুভপম সাহা | Updated By: May 22, 2025, 04:36 PM IST
IPL 2025 Final Eden Gardens: ইডেন থেকে IPL ফাইনাল সরায় ক্ষুব্ধ রাজ্য, এই বঞ্চনায় রাজনীতি দেখছেন ক্রীড়ামন্ত্রী...

বিক্রম দাস: আশঙ্কাই সত্যি হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্স থেকে শেষপর্যন্ত সরেই গিয়েছে আইপিএল ফাইনাল (IPL 2025 Final At Eden Gardens)। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ৩ জুন হবে শিরোপা নির্ধারণকারী ম্যাচ। প্লে অফের দু'টি ম্যাচ হতে পারে মুল্লানপুরে। ১ জুনের কোয়ালিফায়ার টু হবে আমদাবাদে। কোয়ালিফায়ার ওয়ান ও এলিমিনেটর হবে যথাক্রমে ২৯ ও ৩০ মে। কলকাতায় ফাইনাল হলে সেই সময়ে নাকি বৃষ্টি হতে পারে! হাওয়া অফিসের ভূমিকায় উত্তীর্ণ হয়ে বিসিসিআই (BCCI), এই অজুহাত দেখিয়ে ভারতের অন্যতম সেরা ক্রিকেট স্টেডিয়াম থেকে ফাইনাল সরানো হয়েছে। ঘটনাচক্রে ইডেনের নিকাশি ব্যবস্থাও দেশের সেরা।  

Add Zee News as a Preferred Source

গতবছর কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায়, বিসিসিআই নিয়ম মেনেই বোধন এবং বিসর্জনের জন্য কলকাতাকেই বেছে নিয়েছিল। গত ২২ মার্চ বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের পরেই ইডেনে কেকেআর-আরসিবি ম্যাচ দিয়ে চলতি লিগের ফিতে কাটা হয়েছিল। ভারত-পাক সংঘর্ষের কারণে গত ৮ মে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এবারের ফাইনাল ২৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে হচ্ছে ৩ জুন! আইপিএলের ওপেনিং ও ফাইনাল ম্যাচই নয়, ২৩ মে ইডেনে দ্বিতীয় কোয়ালিফায়ারও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংঘর্ষবিরতির পর নতুন সূচি ঘোষিত হয়েছে। আর সেখানেই কলকাতা থেকে মেগা ফাইনাল সরেছে।

আরও পড়ুন: ইডেনেই আইপিএল ফাইনাল? চলে এল বিরাট আপডেট, অনিশ্চয়তার আবহে সৌরভ বললেন...

বাংলার এই বঞ্চনা মানতে পারছেন না অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার দুপুরে নব মহাকরণের স্পোর্টস ডিপার্টমেন্টে সাংবাদিক বৈঠক করেছিলেন ক্রীড়ামন্ত্রী ও কল কলকাতা পুলিস কমিশনার  মনোজ ভার্মা। ইডেন থেকে আইপিএল ফাইনাল সরায় যে ক্ষুব্ধ রাজ্য, তা স্পষ্ট অরূপের সাংবাদিক বৈঠকে। তিনি এদিন বলেছেন, 'কলকাতায় আইপিএলের প্লে অফ ও ফাইনাল হওয়ার কথা ছিল। তবে কোনও অজ্ঞাত কারণে তা সরিয়ে নেওয়া হয়। বাংলার মানুষকে কেন বঞ্চিত করা হল? সুকান্ত মজুমদার বলেছেন, আইন-শৃঙ্খলার কারণে ম্যাচগুলি সরিয়ে নেওয়া হয়েছে। ওদিকে আবার বিসিসিআই বলছে আবহাওয়ার জন্য। বিসিসিআই সত্যি বলছে না সুকান্ত? আবহাওয়া দফতর বলছে যে, ৭ দিন আগে ছাড়া তারা পূর্বাভাস করতে পারে না। এটা চক্রান্ত, ষড়যন্ত্র। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ৯৩ বছরে কোনও ক্রিকেট ফাইনাল এভাবে সরানো হয়নি। আর সিএবি কেন প্রতিবাদ করল না, সেটা তারা বলতে পারবে। প্রতিবাদ করা উচিত ছিল।'

সিপি এদিন বললেন, 'আইন-শৃঙ্খলা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে, তার ভিত্তিতে বলতে পারি, ইডেনে মোট ৯টি ম্যাচ হওয়ার কথা ছিল। তার ভিতর ৭টি ম্যাচ হয়ে গেল কোনওরকম সমস্যায় ছাড়াই। রামনবমী ৬ এপ্রিল সিডিউলড ছিল। সেই কারণে তা সিএবিকে জানানো হয়েছিল। কিন্তু দেখা গিয়েছিল যে, ম্যাচ এখানেই হয়েছে। কিন্তু কোনও গণ্ডগোল হয়নি। অন্য কোনও উদ্দেশ্য নিয়ে বলা হয়েছে।' কলকাতার কেকেআরপ্রেমীরা প্রিয় দলকে প্লে-অফে না দেখার যেমন বড় ধাক্কা খেলেন, তেমনই কলকাতার আইপিএল ভক্তরা ইডেনে ফাইনাল দেখা থেকেও বঞ্চিত হলেন।

আরও পড়ুন: আইপিএলে ৯ নম্বর দলের ৭ ম্যাচের হিরো সে, ইংল্যান্ড সফরে তাকে নিয়েই ভারতীয় দল ঘোষণা!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 
 

 

 

 

 

 

 

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.