)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলের (IPL 2025) মাঝেই দলবদলের একের পর এক খবরে ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেটে। গত বুধবার একাধিক মিডিয়া রিপোর্ট করেছিল যে, যশস্বী জয়সওয়াল দলবদল করছেন। এই খবরের রেশ কাটতে না কাটতেই একাধিক মিডিয়ায় লেখালিখি হল যে, জাতীয় দলের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) নাকি দলবদলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন!
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল প্রতিভা যশস্বী, অনূর্ধ্ব-১৯ থেকেই মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। তবে পরের মরসুম থেকে তিনি গোয়ার হয়ে খেলবেন বলেই খবর হয়েছিল। এমনকী এও লেখা হয়েছিল যে, গোয়ার অধিনায়ক ও হতে পারেন যশস্বী। এদিন লেখা হল ভারতীয় ক্রিকেটের ৩৬০ ডিগ্রিই নাকি মুম্বইয়ের খেলোয়াড়দের গোয়ায় পাড়ি জমানোর ইন্ধন দিচ্ছেন। সাম্প্রতিকে অতীতে অর্জুন তেন্ডুলকর এবং সিদ্ধেশ লাড মুম্বই ছেড়ে গোয়ায় এসেছেন।
এসব খবর দেখে আর চুপ থাকতে পারলেন না সূর্যকুমার। এক সর্বভারতীয় সংবাদসংস্থার প্রকাশিত খবরের স্ক্রিনশট সম্বলিত একটি পোস্ট করেছেন, সূর্য তাঁর এক্স হ্যান্ডেলে বিস্ফোরক মেজাজে হাসির ছলে লিখলেন, 'স্ক্রিপ্ট রাইটার না জার্নালিস্ট? যদি হাসতেই হয়, তাহলে আমি কমেডি সিনেমা ছেড়ে এসব প্রতিবেদনই পড়ব। একদম বাজে কথা।' এই পোস্টের সঙ্গেই সূর্য অট্টহাসির তিনটি ইমোজি জুড়ে দিয়েছেন। সূর্যর এই পোস্টই বুঝিয়ে দিল যে, যশস্বী এবং তাঁর মুম্বই ছাড়ার খবর একেবারে ভুয়ো। কোনও সত্যতা নেই।
এই বিষয়ে লম্বা বিবৃতি দিয়েছেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অভয় হাদপ। তিনি বলেন, 'মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব সম্পর্কে রীতিমতো অবগত। যেখানে মুম্বইয়ের খেলোয়াড়দের গোয়ায় স্থানান্তরিত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এমসিএ কর্মকর্তারা আজ সকালেই সূর্যর সঙ্গে কথা বলেছেন এবং নিশ্চিত করেছেন এসব নিছকই গুজব, সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। সূর্য মুম্বইয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং মুম্বইয়ের হয়ে খেলতে পেরে অত্যন্ত গর্বিত। আমরা সকলকে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আবেদন করছি। পাশাপাশি মুম্বইয়ের খেলোয়াড়দের পাশে থাকুন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনে অবদান রাখার জন্য আমাদের খেলোয়াড়দের সমর্থন করার অনুরোধ করছি।'
সূর্যকে শেষবার রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুম্বইয়ের হয়ে বিদর্ভের বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছিল। তিনি ০ এবং ২৩ রান করেছিলেন। এর আগে, তিনি প্রিমিয়ার রেড-বল প্রতিযোগিতায় হরিয়ানার বিরুদ্ধে খেলা মুম্বই দলের অংশ ছিলেন। ৯ এবং ৭০ রান করেছিলেন। ৩৪ বছর বয়সী সূর্য২০১০-১১ রঞ্জি ট্রফি মরসুমে মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিলেন। দিল্লির বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করেছিলেন। ২০১১-১২ মরসুমে সূর্য রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের শীর্ষ রানসংগ্রাহক ছিলেন। তিনি ওড়িশার বিরুদ্ধে ২০০ রান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)