)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিডস টেস্টে ফের চালকের আসনে ভারত। ইংরেজ বোলারদের একেবারে 'ধোবি পছাড়' দিচ্ছে ভারত। সোমবার খেলার চতুর্থ দিনে ভারতের হয়ে ঝকঝকে সেঞ্চুরি করলেন কেএল রাহুল ও ঋষভ পন্থ (KL Rahul-Rishabh Pant)। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভারত ৪ উইকেট হারিয়ে ৩০৪ রানের লিড পেয়ে গিয়েছে।
লিডসে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত প্রথম ইনিংসে ৪৭১ রান তুলেছিল। যশস্বী জয়সওয়াল (১৫৯ বলে ১০১), শুভমন (২২৭ বলে ১৪৭), ও ঋষভ পন্থের (১৭৮ বলে ১৩৪) সেঞ্চুরির ত্রিফলায় মনে করা হচ্ছিল যে, ভারত ৫৫০-৬০০ রান অনায়াসে করে ফেলবে! কিন্তু না, ৪৩০ রানে ৪ উইকেট হারানো দলের বাকি ৬ উইকেট চলে যায় ৪১ রানে। ভারতের প্রথম ইনিংসের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৪৬৫ রানে। তবে ব্রিটিশরা এত রানও তুলতে পারত না, যদি না ভারত নিজেদের মধ্যে ক্যাচ ফস্কানোর প্রতিযোগিতায় মাতত। ৮৩ রানে ৫ উইকেট নিয়ে বল হাতে জসপ্রীত বুমরা ভারতের নায়ক হয়েছিলেন।
তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারত ২ উইকেট হারিয়ে ৯০ রান তুলেছিল। যশস্বী জয়সওয়াল (৪) ও সাই সুদর্শনকে (৩০) গতকাল হারিয়েছিল ভারত। ক্রিজে অপরাজিত ছিলেন কেএল রাহুল (৪৭) ও শুভমন গিল (৬)। চতুর্থ দিনে শুভমন আর মাত্র ২ রান যোগ করে ফিরে যান। কিন্তু রাহুল-ঋষভ যা করার করে দেন।
ঋষভ পন্থ
গত ইনিংসে ১৩৪ করা পন্থ এদিন ১১৮ রান করে ফিরলেন। দেশের স্টার উইকেটরক্ষক-ব্যাটার অষ্টম টেস্ট সেঞ্চুরি করার সঙ্গেই একাধিক রেকর্ডও করলেন। প্রথম ভারতীয় হিসাবে ইংল্যান্ডে আয়োজিত টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার নজির গড়লেন। একই টেস্টের দুই ইনিংসে শতরান করা সপ্তম ভারতীয় হলেন পন্থ। একই টেস্টে যমজ সেঞ্চুরিকারী দ্বিতীয় উইকেটকিপার হলেন পন্থ। তিনি নাম লেখালেন জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে। যিনি ২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারারাতে পরপর সেঞ্চুরি করেছিলেন।
কেএল রাহুল
এবার আসা যাক রাহুলের প্রসঙ্গে। প্রথম ইনিংসে সুন্দর ৪২ রানের ইনিংস করা রাহুল এদিন শতরানের স্বাদ পেয়ে গেলেন। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত রাহুল ১২০ রানে ক্রিজে অপরাজিত আছেন। রাহুল তাঁর কেরিয়ারে নবম টেস্ট সেঞ্চুরির স্বাদ পেলেন এদিন। আরও উল্লেখযোগ্য ভাবে, ইংল্যান্ডের বিপক্ষে তাঁর চতুর্থ এবং ইংল্যান্ডের মাটিতে তৃতীয় সেঞ্চুরি এল। ইংল্যান্ডের মাঠে সর্বাধিক টেস্ট সেঞ্চুরিকারী ভারতীয় ওপেনার হয়ে গেলেন রাহুল। তিনি সুনীল গাভাসকর এবং রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিদের ছাপিয়ে গেলেন...
ইংল্যান্ডে সর্বাধিক ১০০ রান করা ভারতীয় ওপেনারদের তালিকা
কেএল রাহুল - ৯ ম্যাচ, ১৮ ইনিংস, ৩ সেঞ্চুরি
রাহুল দ্রাবিড় - ৩ ম্যাচ, ৫ ইনিংস, ২ সেঞ্চুরি
সুনীল গাভাস্কার - ১৫ ম্যাচ, ২৮ ইনিংস, ২ সেঞ্চুরি
বিজয় মার্চেন্ট - ৬ ম্যাচ, ১১ ইনিংস, ২ সেঞ্চুরি
রবি শাস্ত্রী - ৫ ম্যাচ, ৮ ইনিংস, ২ সেঞ্চুরি
যশস্বী জয়সওয়াল - ১ ম্যাচ, ২ ইনিংস, ১ সেঞ্চুরি
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)