)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে মেয়েদের ক্রিকেটের উন্নতির জন্য সবকিছুই এখন ঠিক পথে এগিয়ে চলেছে। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন মহিলা দল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে। এই ঐতিহাসিক কৃতিত্ব নিয়ে যখন সর্বত্র চর্চা চলছে, ঠিক তখনই প্রাক্তন ক্যাপ্টেন মিতালি রাজের পুরনো ইন্টারভিউয়ের বিস্ফোরক স্বীকারোক্তি ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছে! (Mithali Raj's Shocking Disclosure On 2005 World Cup)
শান্তা রঙ্গাস্বামী
ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন শান্তা রঙ্গাস্বামী কিছুদিন আগেই বলেছিলেন যে, ১৯৭৬-১৯৯১ পর্যন্ত খেলা রঙ্গাস্বামী পিটিআই-কে বলেছিলেন যে, 'অসংরক্ষিত ট্রেনের কোচে যাওয়া-আসা থেকে শুরু করে ডরমিটরির মেঝতে ঘুমানো পর্যন্ত, এমনকী আমাদের নিজস্ব বিছানা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রও সঙ্গে নিয়ে যেতে হত। আমরা ক্রিকেট কিট পিঠে ব্যাকপ্যাকের মতো বেঁধে রাখতাম আর এক হাতে স্যুটকেসও থাকত!' তবে শান্তা এও জানিয়েছেন যে, এখন দিন আমূল বদলেছে। বিসিসিআইয়ের প্রাক্তন সচিব এবং বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহের প্রশংসা করেছেন মহিলাদের ক্রিকেটে উল্লেখযোগ্য পরিবর্তন আনার জন্য। শান্তা বলেছেন, ' 'জয় শাহ যখন বিসিসিআইয়ের সচিব ছিলেন, তখন তিনি বেশ কয়েকটি সংস্কার প্রবর্তন করেছিলেন। যা মহিলাদের ক্রিকেটকে ব্যাপকভাবে উৎসাহিত করেছিল। আমি দৃঢ়তার সঙ্গে এটি বলছি, কারণ আমি মহিলাদের ক্রিকেটকে সমর্থনকারী শীর্ষ কাউন্সিলের অংশ ছিলাম এবং সেই উদ্যোগগুলি প্রচুর লাভজনক ফলাফল দিয়েছে।'
মিতালি রাজ
মিতালি ফিরে গিয়েছিলেন ২০ বছরের আগের বিশ্বকাপে। তাঁর নেতৃত্বে ভারত ২০০৫ এবং ২০১৭ সালে কাপযুদ্ধের ফাইনাল খেলেছিল। কিন্তু ট্রফি ছিল অধরাই। ১৯৭৩ সাল থেকে ২০০৬ সালের মধ্যে ভারতের মহিলা ক্রিকেট পরিচালিত হত উইমেন'স ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (ডব্লিউসিএআই) তত্ত্বাবধানে। ২০০৬ সালের নভেম্বরে ডব্লিউসিএআই মার্জ হয়ে বিসিসিআইয়ের সঙ্গে। চলতি বছরের শুরুতে 'লাল্লানটপ'-এ মিতালি বলেছিলেন, 'আমাদের কোনও বার্ষিক চুক্তিই ছিল না। কোনও ম্যাচ ফিও ছিল না। ২০০৫ সালের মহিলা বিশ্বকাপে যখন আমরা রানার্স হয়েছিলাম, তখন আমাদের প্রতি ম্যাচের জন্য ১০০০ টাকা দেওয়া হয়েছিল। কেবল সেই টুর্নামেন্টের জন্য। অন্যথায় আমাদের কোনও ম্যাচ ফি ছিল না।'
বিসিসিআইয়ের মাইলস্টোন
২০২২ সালের অক্টোবরে যুগান্তকারী ঘোষণায়, তৎকালীন বিসিসিআই সচিব জয় ঘোষণা করেছিলেন যে, ভারতীয় পুরুষ ও মহিলা উভয় দলের খেলোয়াড়রাই সমান ম্যাচ ফি পাবে। প্রতি টেস্টে ১৫ লক্ষ টাকা, ওডিআই-তে ৬ লক্ষ টাকা এবং টি-টোয়েন্টিআই-তে ৩ লক্ষ টাকা দেওয়া হবে। বিশ্বকাপ জেতার পর হরমনপ্রতীরা পেয়েছেন ৩৯.৭৮ কোটি টাকা। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এটিই সবচেয়ে বড় নগদ পুরস্কার। এর পাশাপাশি বিসিসিআই-ও ভারতীয় দলকে ৫১ কোটি টাকা দিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)