)
শুভপম সাহা: একটা ১১ বছরের ক্লাব, অন্যটা মাত্র সাড়ে তিন বছরের| একজন আইএসএলের তো অন্যজন আই-লিগের| নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে ডায়মন্ড হারবার এফসি-র প্রোফাইলের তুলনাই চলে না| ডুরান্ড অভিষেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব যেভাবে ইস্টবেঙ্গল ও জামশেদপুরের মতো বড় ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছিল, তাতে মনে করা হচ্ছিল যে, কিবু ভিকুনার টিম অঘটন ঘটাতেই পারে| কিন্তু না, শনিবার যুবভারতীতে নর্থইস্ট হাফ ডজন গোলের মালা পরিয়ে ট্রফি রেখে দিল নিজের কাছে।
প্ৰথমার্ধ
এদিন ফাইনালের চার মিনিটেই গোলের মুখ খুলে ফেলেছিল নর্থইস্ট| প্রায় ৩০ গজ দূর থেকে আলাদিন আজারের আগুনে শট মিরশাদ মিচু বুক দিয়ে সেভ করে দিয়েছিলেন| তারপর ফিরতি বল থেকে পার্থিব গগৈ শট নেন, তবে গোল আসেনি| এরপর বেশ কিছুক্ষণ কোনও দলই সেভাবে ছাপ রাখতে পারছিল না মাঠে| এরপর ২১ মিনিটে ডায়মন্ড হারবার ভালো জায়গায় ফ্রি-কিক পেয়ে গিয়েছিল| কিন্তু স্যামুয়েলের ফ্রি-কিক বারের উপর দিয়ে চলে যায়| ২৪ ও ২৭ মিনিটে জবি জাস্টিন ছিলেন ম্যাচের ফোকাসে| দলকে ফাইনালে তোলার নায়ক একবার হেড ও আরেকবার শট মেরেছিলেন| কিন্তু ডায়মন্ড হারবারকে গোল এনে দিতে পারেননি| ৩০ মিনিটে ডেডলক ভেঙে ফেলে নর্থ ইস্ট| আন্দ্রে গাইতানের কর্নার থেকে সামতে শট নিয়েছিলেন, মিরশাদ মিচু প্রথমে রুখে দিয়েছিলেন, ফিরতি বল ধরে নর্থ ইস্টের ডিফেন্ডার আশির আখতার ট্যাপ করে জালে বল জড়িয়ে দেন| বিরতির আগেই নর্থ ইস্টের হয়ে স্কোরলাইন ২-০ করে ফেলেন পার্থিব| আলাদিনের পাস থেকে একা বল টেনে বাঁ-প্রান্ত দিয়ে ছুটে ডান পোস্টের টপ কর্নার দিয়ে দুরন্ত শটে বল জালে জড়িয়ে দেন| দেখতে গেলে এই গোলেই ট্রফির অনেকটা কাছে চলে গিয়েছিল জুয়ান পেদ্রো বেনালির টিম|
দ্বিতীয়ার্ধ
বিরতির আগে ঠিক যেখান থেকে শুরু করেছিল নর্থ ইস্ট, বিরতির পর ঠিক সেখান থেকেই শুরু করে| ৫০ মিনিটে আলাদিনের মাপা শট থেকে থোই সিং পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে অনায়াসে গোল করে হাইল্যান্ডার্সের হয়ে ট্রফি নিশ্চিত করে ফেলেছিলেন| তবে ডায়মন্ড হারবারের প্রশংসা করতেই হবে| তিন গোলে পিছিয়ে থেকেও কিবু ভিকুনার শিষ্যরা হাল ছাড়েননি| ৬৮ মিনিটে ব্যবধান কমায় ডায়মন্ড হারবার| লুকা মায়েসেন স্কোরশিটে নাম লেখান| তবে নর্থ ইস্টের লেলিহান শিখা যে নেভার নয়| ৮১ মিনিটে জায়রো ও ৮৬ মিনিটে গাইতান গোল করে স্কোরলাইন ৫-১ করে ফেলে| এখানেই শেষ নয়| নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর রেফারি আরও চার মিনিট যোগ করেছিলেন| সেখানে আবার পেনাল্টি পায় নর্থইস্ট| পুরো ম্যাচে তিনটি গোলে অবদান রাখা আলাদিন বুলেট শটে জাল ছিঁড়ে দেন...এদিন মাঠে এসেছিলেন নর্থইস্টের মালিক জন আব্রাহাম| আলাদিনরা তাঁর সামনেই তাঁকে ট্রফি উপহার দিলেন।
দলগত পুরস্কার
* চ্যাম্পিয়ন নর্থইস্ট পাবে ১.২১ কোটি টাকা
* রানার্স-আপ ডায়মন্ড হারবার পাবে ৬০ লক্ষ টাকা
* সেমিফাইনালে হেরে যাওয়া দল- ২৫ লক্ষ টাকা
* কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দল- ১৫ লক্ষ টাকা
ব্যক্তিগত পুরস্কার:
গোল্ডেন বল (টুর্নামেন্টের সেরা খেলোয়াড়) ও গোল্ডেন বুট (সর্বোচ্চ গোল স্কোরার) পেলেন আলাদিন আজারে| ৮ গোল করেছেন তিনি
গোল্ডেন গ্লাভস (সেরা গোলরক্ষক) পেলেন নর্থইস্টেরই গুরমিত সিং
বিজয়ীরা প্রত্যেকে ৩ লক্ষ টাকা করে পাবেন, এবং একটি নতুন মাহিন্দ্রা XUV 3XO SUV পাবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)