)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির লালকেল্লা চত্বর গত সোমবার গাড়ি বিস্ফোরণে কেঁপে গিয়েছিল (Delhi Blast)। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই আরও এক গাড়ি বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ (Islamabad Blast)। শহরের জি-১১ সেক্টরের আদালত চত্বরে ঘটেছে বিকট বিস্ফোরণ। বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১২ জন। ৩০ জনের উপর আহত হয়েছেন। তাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এই ঘটনার দায় স্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)
আর ঠিক এই আবহে পাকিস্তানে আতঙ্কে কাটাচ্ছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। কারণ এই মুহূর্তে চরিথ আসালঙ্কারা ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলতে রয়েছেন রাওয়ালপিণ্ডিতে (Sri Lanka Tour Of Pakistan 2025)। বিস্ফোরণের পরের দিনই রাওয়ালপিণ্ডিতে হয়েছে প্রথম ওডিআই ম্যাচ। সলমান আঘারা সেই ম্যাচ ৬ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে।
আতঙ্কিত শ্রীলঙ্কা তবে খেলা হবেই...
ভয়াবহ এই ঘটনায় স্বাভাবিক ভাবেই শ্রীলঙ্কার ক্রিকেটাররা আতঙ্কিত। ১৬ জনের দলের কমপক্ষে ৮ জন ক্রিকেটার কলম্বোয় ফিরতে ইচ্ছাপ্রকাশ করেছেন বলেই জানা গিয়েছে। কিন্তু আসালঙ্কাদের ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, এখন দেশে ফেরা যাবে না। থাকতে হবে পাকিস্তানেই। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিবৃতি দিয়ে জানিয়েছে, 'টিম ম্যানেজমেন্ট শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) জানিয়েছে যে, পাকিস্তানে সফররত জাতীয় দলের বেশ কয়েকজন সদস্যনিরাপত্তার উদ্বেগের কথা জানিয়ে দেশে ফিরে আসার অনুরোধ করেছেন। এই ঘটনার পর, এসএলসি তাৎক্ষণিকভাবে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের আশ্বস্ত করে যে, সফরকারী দলের প্রতিটি সদস্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করে এই ধরণের সমস্ত উদ্বেগ যথাযথভাবে সমাধান করা হচ্ছে। এই প্রেক্ষাপটে এসএলসি সমস্ত খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে নির্ধারিত সময়সূচী অনুসারে সফর চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে, এসএলসি কর্তৃক জারি করা নির্দেশ সত্ত্বেও যদি সফরকারী দলের কোনও খেলোয়াড় বা সদস্য শ্রীলঙ্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে শ্রীলঙ্কা ক্রিকেট অবিলম্বে প্রতিস্থাপন পাঠাবে যাতে সফরটি কোনও বাধা ছাড়াই চলতে পারে। এসএলসির নির্দেশ সত্ত্বেও যদি কোনও খেলোয়াড়, বা সাপোর্ট স্টাফ সদস্য ফিরে আসেন, তাহলে তাদের কর্মকাণ্ড মূল্যায়ন করার জন্য একটি আনুষ্ঠানিক পর্যালোচনা করা হবে এবং পর্যালোচনা শেষে একটি উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'
সূচিতে বদল...
পিসিবি প্রধান মহসিন নকভি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও, দলের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কাজ করছেন। পাক সেনা এবং আধাসামরিক রেঞ্জাররা এখন শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর নজর রাখছেন। তাঁদের 'রাষ্ট্রের অতিথি'র মতোই নিরাপত্তা দেওয়া হবে। ইসলামাবাদ বিস্ফোরণের পর পিসিবি সূচিতে খানিক বদল এনেছে। চলতি ওডিআই সিরিজের সময়সূচী বদলেছে, আগামী বৃহস্পতিবারের ম্যাচটি শুক্রবারে হচ্ছে। শনিবারের ম্যাচটি এখন রবিবার অনুষ্ঠিত হবে। তিনটি ওডিআই রাওয়ালপিণ্ডিতেই খেলার কথা ছিল সেখানেই হবে। এরপর এবং জিম্বাবোয়েকে নিয়ে ত্রি-দেশীয় টি-২০আই সিরিজ রাওয়ালপিণ্ডি এবং লাহোরে হওয়ার কথা ছিল। তবে বিস্ফোরণের পর পুরো সিরিজটিই এখন ১৮ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিণ্ডিতেই অনুষ্ঠিত হবে।
২০০৯ সালের ভয়াবহ স্মৃতি ফিরল
ইসলামাবাদের ঘটনায় ১৬ বছর আগের ভয়াবহ স্মৃতিই ফিরেছে। ২০০৯ সালের ৩ মার্চ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলঙ্কার টিম বাসে ১২ জন বন্দুকধারী গুলি চালিয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা ছিল। খেলতে যাওয়ার পথে এই ভয়াবহ হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-জাংভি। শ্রীলঙ্কা টিমের ৬ সদস্য আহত হয়েছিলেন। এবং ছ'জন পাক পুলিস এবং দু'জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)