Scorebook 2025: সোশ্যাল স্পোর্টস ফাউন্ডেশন সফলভাবে আয়োজন করল বাংলার প্রথম স্পোর্টস কনক্লেভ 'স্কোরবুক ২০২৫'। এই সম্মেলনের শুভ উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এস. এন. মুখোপাধ্যায়, প্রাক্তন উপাচার্য, এলএনআইপিই, গ্বালিয়র।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল স্পোর্টস ফাউন্ডেশন আয়োজিত 'স্কোরবুক ২০২৫' ছিল বাংলার ক্রীড়াক্ষেত্রে এক ঐতিহাসিক উদ্যোগ। রোটারি সদনে অনুষ্ঠিত এই কনক্লেভে বাংলার গৌরবময় ক্রীড়া-ঐতিহ্য উদযাপন করা হয় এবং আগামী দিনের জন্য ক্রীড়ার উন্নয়নে একটি বাস্তবভিত্তিক রোডম্যাপ তৈরি করার লক্ষ্যে নানা আলোচনা, সহযোগিতা ও পরিকল্পনার পথ উন্মুক্ত করা হয়।
কনক্লেভের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (NADA) পরিচালিত একটি বিশেষ সেশন। এই সেশনে প্রধান বক্তা ছিলেন বিজন কুমার দাশ, ডোপ কন্ট্রোল অফিসার। তিনি খেলাধুলায় ন্যায্যতা বজায় রাখা, ডোপিংয়ের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা এবং ঘরোয়া ও পেশাদার স্তরে নৈতিকতা বজায় রাখার ক্ষেত্রে NADA-র ভূমিকার গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই ক্ষেত্রে শিক্ষা, সতর্কতা এবং সঠিক নীতিগত সহায়তা অত্যন্ত প্রয়োজন, যা আজকের প্রতিযোগিতামূলক ক্রীড়া পরিবেশে খেলোয়াড়দের কল্যাণ রক্ষায় সাহায্য করে।
এছাড়াও কনক্লেভে অনুষ্ঠিত হয় একটি আকর্ষণীয় আলোচনাসভা যার বিষয় ছিল “বাংলায় স্পোর্টস ট্যুরিজম ও ক্রীড়া প্রশাসনের সুযোগ”। আলোচনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা- প্রত্যুষ ঘোষ (প্রাক্তন জিএম, কলকাতা মেট্রো), সন্দীপ নাগ (ডব্লিউবিসিএস, প্রাক্তন ডেপুটি সেক্রেটারি - ক্রীড়া, পশ্চিমবঙ্গ সরকার), সৈকত মজুমদার (সহযোগী অধ্যাপক), এবং পরিজাত মিত্র (মিডিয়া ম্যানেজার, ইস্টবেঙ্গল এফসি)।
তাঁরা বলেন, উপযুক্ত পরিকাঠামো, প্রশাসনিক সংস্কার ও সমন্বিত কৌশলের মাধ্যমে বাংলা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া পর্যটনের এক কেন্দ্র হয়ে উঠতে পারে। একই সঙ্গে, টেকসই প্রশাসনিক মডেল তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়, যাতে দক্ষতা ও স্বচ্ছতা বাড়ে।
এই সম্মেলনের শুভ উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এস. এন. মুখোপাধ্যায়, প্রাক্তন উপাচার্য, এলএনআইপিই, গ্বালিয়র। তাঁর উদ্বোধনী ভাষণ অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করে এবং কনক্লেভের দৃষ্টিভঙ্গিকে শক্ত ভিত দেয়। তিনি বলেন, ক্রীড়া শুধু শারীরিক কৃতিত্বের মাধ্যম নয়, এটি একটি সাংস্কৃতিক, বৌদ্ধিক ও সামাজিক চর্চা—যা সমাজের সম্মিলিত অংশগ্রহণ দাবি করে।
'স্কোরবুক ২০২৫'-এ আলোচনা হয় ক্রীড়া সংস্কৃতি, আর্থিক চ্যালেঞ্জ, বেটিং আইন, বিজ্ঞাপন, এবং ঘরোয়া স্তরের উন্নয়ন নিয়ে। এক ছাতার নিচে একত্রিত হন খেলোয়াড়, কোচ, প্রশাসক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও ক্রীড়া জগতের বিশেষজ্ঞরা।
এই কনক্লেভ শেষ হয় একটি শক্তিশালী বার্তার মাধ্যমে- বাংলার ক্রীড়া ঐতিহ্যকে আরও আধুনিক ও টেকসই কাঠামোতে রূপ দিতে হবে, যার চালিকাশক্তি হবে ঐক্য, উদ্ভাবন ও নীতিগত সহায়তা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)