IPL 2025: প্রীতিদের ঘরে এসেছেন ৩০ লাখে, অভিষেকে উইকেট-সহ শূন্যের অবদানে করে ফেললেন বিশ্বরেকর্ড! কে এই তরুণ ক্রিকেটার?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল (IPL 2025) এবার শেষের মুখে। শুরু হয়েছে প্লেঅফের (IPL 2025 Playoffs Schedule) লড়াই। মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, গত বৃহস্পতিবার কোয়ালিফায়ার ওয়ানে পঞ্জাব কিংস মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (PBKS vs RCB, IPL Qualifier 1)। পঞ্জাবকে ৮ উইকেটে গুঁড়িয়ে বেঙ্গালুরু পাক্কা ৯ বছর পর চতুর্থবারের মতো (২০০৯, ২০১১, ২০১৬-র পর ২০২৫) আইপিএল ফাইনালে (IPL Final 2025) চলে গিয়েছে। পঞ্জাবের হয়ে জীবনের প্রথম আইপিএল ম্যাচ খেলতে নেমেই বিশ্বরেকর্ড করলেন মুশির খান (Musheer Khan)। সরফরাজ খানের (Sarfaraz Khan) ভাই যা করলেন, তা এর আগে বিশ্বের কোনও ক্রিকেটার করতে পারেননি!
ইতিহাস মুশিরের
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শ্রেয়সরা ধুঁকছিলেন। জশ হ্যাজেলউড ও সুয়শ শর্মার পেস-স্পিনের যুগলবন্দিতে ৯ ওভারের ভিতর ৬০ রানে চলে গিয়েছিলে ৬ উইকেটে। মুশির আটে ব্যাট করতে এসেছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। মুশির তিন বল খেলে কোনও রান না করেই ফিরে যান। কিন্তু তাতেই যা করার করে ফেলেন। এই ম্যাচটি কেবল মুশিরের প্রথম আইপিএল ম্যাচই ছিল না, টি-টোয়েন্টি ক্রিকেটেও তাঁর অভিষেক ম্যাচ ছিল। মুশির এর আগে একটিও ২০ ওভারের ম্যাচ খেলেননি। মুশির খান টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি প্লে-অফ ম্যাচে অভিষেক করলেন। এখনও পর্যন্ত, আইপিএলে হাত ধরে মোট ৮৪ জন ক্রিকেটার টি-টোয়েন্টিতে অভিষেক করেছেন, তবে অতীতে কোনও খেলোয়াড় প্লে-অফ ম্যাচে অভিষেক করেননি। মুশির দুই ওভার বল করে আরসিবি-র বিরুদ্ধে এক উইকেট নিয়েছেন।
বিশেষ রেকর্ড
মুশির ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আইপিএলে প্লে-অফে অভিষেক করলেন। তার আগে সানি গুপ্তা ২০১২ সালে চেন্নাইয়ে, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের (অধুনা দিল্লি ক্যাপিটালস) হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একমাত্র আইপিএল ম্যাচ খেলেছিলেন।
কে মুশির?
মুশির ২০০৫ সালের ২৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের ছোট ভাই তিনি। মুশির ডানহাতি ব্যাটার। যদিও বাঁ-হাতে স্পিন করেন। মুশি মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। ২০২৫ সালের আইপিএল মেগা নিলামে মুশিরকে ৩০ লক্ষ টাকায় কিনেছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। ২০২২ সালের ২৭ ডিসেম্বর মুম্বইয়ের হয়ে মুশিরের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। ৯ ম্যাচের ১৫ ইনিংসে তাঁর ঝুলিতে আছে ৭১৬ রান। পেয়েছেন ডাবল সেঞ্চুরির স্বাদও (সর্বাধিক অপরাজিত ২০৩)
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
২০২৪ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন মুশির। সেবার ভারত রানার্স হয়েছিল। যেখানে মুশির দু'টি সেঞ্চুরি করেছেন। ২০২৩-২০২৪ মরসুমে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। যেখানে তিনি ১০৮.২৫ গড়ে ৪৩৩ রান করেছিলেন এবং মুম্বইয়ের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন। রঞ্জি ট্রফির (২০২৩-২৪) ফাইনালে, মুশিরের ম্যাচ জেতানো সেঞ্চুরিও রয়েছে। ৪২ বারের জন্য সেবার মুম্বই রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)