Virender Sehwag: ধরে ধরে মুখোশ খুলছেন বীরু! প্রাক্তন ওপেনার নড়িয়ে দিলেন ভারতীয় ক্রিকেট, তিনি নাম ধরে ধরে বলে দিলেন কার চরিত্র ঠিক কেমন... ঝড় উঠল আইপিএলে।

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বীরেন্দ্র শেহওয়াগ তাঁর ক্রিকেট কেরিয়ারে যেভাবে প্রতিপক্ষের বোলারদের মাঠের বাইরে পাঠাতেন, ঠিক একই রণংদেহী মেজাজে এখন তিনি ক্রিকেটারদের নিয়ে প্রতিক্রিয়া দেন। প্রাক্তন ওপেনার রেয়াত করেন না কাউকেই। এবার বীরু ওড়ালেন দুই মহাতারকা বিদেশিকে। এক স্পোর্টস ওয়েবসাইটের ক্রিকেটীয় অনুষ্ঠানে ধুয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল এবং লিয়াম লিভিংস্টোনকে (Glenn Maxwell and Liam Livingstone)।
চলতি আইপিএলে ম্যাক্সওয়েলের মতোই হতশ্রী ফর্মে লিভিংস্টোনও। দুই ক্রিকেটারকেই তাঁদের নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি -পঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম একাদশ থেকে বাদ দিয়েছে। ব্যাটে হোক বা বলে, কোনও প্রভাবই ফেলতে পারেননি ম্যাক্সওয়েল-লিভিংস্টোন! শেহওয়াগের অভিযোগ যে, দুই খেলোয়াড়ের মধ্যেই আর কোনও খিদে নেই এবং তাঁরা তাদের ফ্র্যাঞ্চাইজির জন্য ট্রফি জেতাতে আগ্রহী নন। শেহওয়াগের দাবি যে, উভয় ক্রিকেটারই এখন ভারতে ছুটি কাটাতে এবং পার্টি করতে চায়। তাঁদের পারফরম্যান্সে উন্নত করারও কোনও আগ্রহ নেই।
বীরু বলছেন, 'ম্যাক্সওয়েল ও লিভিংস্টোনের আর কোনও জেতার খিদে নেই। তাঁরা তো এখন ছুটি কাটাতে আসে ভারতে। এমন নয় যে, তাঁরা তাঁদের দলকে ভালোবাসে অথবা ফ্র্যাঞ্চাইজির জন্য খেলে জেতাতে আগ্রহী। তারা এখনও কোনও ট্রফি জিতেনি এবং তাদের কাজটিই এবার করতে হবে। সেটাও মাথায় নেই। আমি অনেক বিদেশি ক্রিকেটারের সঙ্গে আইপিএল খেলেছি। যাদের মধ্যে হয়তো এক বা দু'জনেরই খিদে ছিল। বাকিরা শুধুই কথা বলে, পারফর্ম করে না।'
শেহওয়াগের মতে বিদেশির মধ্যে ডেভিড ওয়ার্নার এবং এবি ডি ভিলিয়ার্সের মতো খেলোয়াড়রা ছিলেন আলাদা। তাঁদের প্রশংসা করেই ব্যতিক্রমী প্রতিভা বলেছেন বীরু। এই বিষয়ে তাঁর সংযোজন, 'ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স এবং গ্লেন ম্যাকগ্রা হলেন এমন তিন খেলোয়াড়, যাঁরা আমাকে বলতেন, 'আমি তোমার জন্য ম্যাচ জিতব, আমাকে খেলাও। আমি তখন কাকে খেলাব আর কাকে বাদ দেব তা নিয়ে দ্বিধায় থাকতাম। কিন্তু আমি অন্যান্য খেলোয়াড়দেরও দেখেছি। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কানদের কথা বলব। যাঁরা সেমিফাইনালের পরে আমাকে জিজ্ঞাসা করত, আজ রাতে পার্টি কোথায়? তখনই বোঝা যায় যে,কে ট্রফি জিততে চায় আর কে এখানে আরাম করতে এসেছে।'
বোঝাই যাচ্ছে যে, শেহওয়াগ চোখের সামনে মহারথীদের এমন হতশ্রী ক্রিকেট দেখে আর মাথা ঠিক রাখতে পারেননি... আর শেহওয়াগ এমন দিনে কথাগুলি বললেন, যেদিন আরসিবি দুরন্ত ক্রিকেট খেলে মুল্লানপুরে পঞ্জাবকে ৭ উইকেটে হারিয়ে দিল। পঞ্জাবের ১৫৭ রান তাড়া করে বিরাট কোহলি (৫৪ বলে অপরাজিত ৭৩) ও দেবদত্ত পাড়িক্কল (৩৫ বলে ৬১) মিলে অনায়াসে জিতিয়ে দেন দলকে। এই জয়ের সঙ্গেই আরসিবি লিগ তালিকায় তিন নম্বরে উঠে এল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)