জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস সেমিফাইনালে ৭ রানে হারিয়েই ভারত ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপের ফাইনালে। রবিবাসরীয় অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি দুই যুযুধান পক্ষ ভারত-নিউ জিল্যান্ড (India vs New Zealand Abhishek Sharma T20 World Cup Final)। হাইভোল্টেজ মেগাযুদ্ধে যে জিতবে সেই চ্যাম্পিয়ন! টিম ইন্ডিয়া মুখে স্বীকার না করলেও, এদিন মাথাব্যথার অন্যতম বড় কারণ অভিষেক শর্মা (Abhishek Sharma)। বিশ্বের ১ নম্বর টি-২০আই আন্তর্জাতিক তারকা বিশ্বকাপের আসরে নেমে রান করতেই ভুলে গিয়েছেন।
Add Zee News as a Preferred Source
৭ ইনিংসে ৮৯
শেষ ৭ ইনিংসে মাত্র ৮৯ রান করেছেন বিধ্বংসী ব্যাটার অভিষেক। ফাইনালেও কি ভারত অভিষেককে খেলাবে নাকি রিঙ্কু সিং তাঁর জুতোয় পা গলাবেন? এই নিয়েই চলছে এখন তুমুল বিতর্ক। দলের হেড কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) প্রাক্তন তারকা মহম্মদ কাইফ স্পষ্ট বার্তা দিয়েছেন। কাইফ সাফ বলছেন যে, অভিষেক এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সবচেয়ে খারাপ ফর্মে থাকা ব্যাটার। আক্রমণাত্মক ওপেনারকে বিশ্রাম দিয়ে রিঙ্কুকে খেলানোর পক্ষেই কাইফ।
আরও পড়ুন: 'ডাণ্ডা টুডুং—টুডুং'-এর তালে ম্যালারেনের ৪ গোল, মোহনবাগান ধরে কচুকাটা করল ওড়িশাকে
বদলের দাবি কাইফের
জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩০ বলে ৫৫ রানের ইনিংসই তাঁর সর্বোচ্চ। ১২.৭১ এর গড়ে ব্যাট করেছেন ভারতীয় ওপেনার। অভিষেক ইউএসএ-পাকিস্তান-নেদারল্যান্ডসের বিরুদ্ধে আবার ডাকের হ্যাটট্রিকও করেছেন। কাইফ তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, 'ভারত অভিষেক শর্মাকে ব্রেক দিতে পারে। ওর অনেক ম্যাচ খেলা হয়ে গেল। দলবদল করলে কোনও ক্ষতি হবে না। ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্ম্যাটে পরিবর্তন সম্ভব। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ব্র্যান্ডন কিং ফর্মে না থাকায় ভারতের বিরুদ্ধে রস্টন চেজকে দিয়ে ওপেনিং করিয়েছে। ব্র্যান্ডনকে পাঁচ-ছয় ম্যাচের জন্য সমর্থনও করেছে। কিন্তু বড় ম্যাচে বিরতি দিয়েছিল। আমি বিশ্বাস করি, যেমন সঞ্জুকে আনা হয়েছে এবং সে দুর্দান্ত কাজ করেছে, ফলে বদল ভালো ভাবেই কাজ করেছে।
আসুক রিঙ্কু সিং
ফাইনালের যদি অভিষেক বেঞ্চে বসেন, তাহলে কাইফ চাইছেন রিঙ্কু সিং তার বদলি হিসেবে আসুক। যদি ভারত তাঁর পরিবর্তে একজন বোলার যোগ করতে চায় টিমে, তাহলে কাইফ মনে করেন কুলদীপ যাদব বা মহম্মদ সিরাজ শক্তিশালী বিকল্প হতে পারেন। কাইফের সংযোজন, 'ভারতের কাছে এমন সব প্লেয়ার আছে, যারা নিজেদের প্রমাণ করেছে। রিঙ্কু সর্বত্র রান করে, টেস্ট হোক বা রঞ্জি, কিংবা আইপিএল। কুলদীপ এবং সিরাজও সর্বত্র উইকেট পায়। ডাগআউটে তাকালে অভিষেকের জায়গায় রিঙ্কুকেই দেখা যাবে। তাকে দলে নেওয়া হোক। একজন রানে ফিরতে লড়ছে, আরেকজন ভালো করেও বাইরে। এটা তো হয় না।'
আরও পড়ুন: বুমরার আগুনে ফুটছেন সাক্ষী, ক্যাপ্টেন কুলের 'ব্যায়েঠ যাও...ব্যায়েঠ যাও...' ভাইরাল নেটপাড়ায়
সঞ্জু বনাম অভিষেক
টুর্নামেন্টে সঞ্জু স্যামসনের ফর্ম নিয়েও প্রচুর আলোচনা হয়েছে। কিন্তু সে সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়েছেন ভারতের হয়ে জোড়া ম্যাচজয়ী ইনিংস খেলে। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সঞ্জু আগুন জ্বালিয়ে দিয়েছেন। তবে কাইফের অনেক কম প্রত্যাশা অভিষেকের থেকে। কারণ এটি তাঁর প্রথম আইসিসি ইভেন্ট। অভিষেক- সঞ্জুর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল অভিষেক এখনও আইসিসি ইভেন্টে বেশ নতুন। আইসিসি ইভেন্ট বাদ দিলে তার দুর্দান্ত রেকর্ড। বিশ্বকাপের মতো আইসিসি ইভেন্টে খেলার বিরাট পার্থক্য রয়েছে। সঞ্জু টি-টোয়েন্টিতে ৮০০০- এরও বেশি রান করেছে। রান হোক বা ছয় মারার দক্ষতা, আইপিএলে তার নাম প্রথম দশেই আসে। ও ইতিমধ্যেই প্রতিষ্ঠিত খেলোয়াড়। অভিষেক এখনও তরুণ এবং ওকে ওর খেলা নিয়ে কাজ করতে হবে। ও সম্পূর্ণ প্রস্তুত নয়। সঞ্জুর সঙ্গে তাঁর তুলনা হয় না। সঞ্জু ইতিমধ্যেই পুরোপুরি তৈরি। ১১ বছর আগে তার ইন্ডিয়া টিমে অভিষেক হয়েছিল।' বোঝাই যাচ্ছে যে, কাইফ কোনও ভাবেই ফাইনালে অভিষেককে চাইছেন না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)