BCCI: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েও এশিয়া কাপে বাদ! সমালোচনার ঝড়ের পরই বোর্ডের সারপ্রাইজ! হয়ে গেলেন ক্যাপ্টেন
BCCI: চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েও এশিয়া কাপে বাদ পড়েছিলেন! সমালোচনার ঝড় উঠে গিয়েছিল। এবার বোর্ডের বিরাট সারপ্রাইজে হলেন ক্যাপ্টেন...
শুভপম সাহা
|
Updated By: Sep 8, 2025, 03:08 PM IST
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অজিত আগরকরের (Ajit Agarkar) নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি, এশিয়া কাপের (Asia Cup 2025) দল বেছে নিতেই নেটপাড়া ছড়িয়ে পড়েছিল ক্ষোভের দাবানাল। একাধিক নক্ষত্রকে বাদ দিয়েই চমকে দেওয়ার মতো দল হয়েছে এশিয়া কাপে। তবে সকলে এটা ভেবেই হতবাক হচ্ছেন যে, সর্বস্ব উজাড় করে দিয়েও কী করে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দল থেকে বাদ পড়তে পারেন! তবে শ্রেয়সের জন্য বিসিসিআই (BCCI) বিরাট সারপ্রাইজ তুলে রেখেছিল। তাঁকেই করে দেওয়া হল
ক্যাপ্টেন!
TRENDING NOW
শ্রেয়সই হলেন অধিনায়ক!
সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে দু'টি মাল্টি-ডে ম্যাচ খেলবে ইন্ডিয়া 'এ' দল। ভারতীয় কাউন্টারপার্টের নেতৃত্ব দেবেন শ্রেয়স। ভারত 'এ' দল যথাক্রমে ১৬ এবং ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দু'টি ম্যাচে অজি 'এ' দলের মুখোমুখি হবে। শ্রেয়স ছাড়াও, আরও কয়েকজন সিনিয়র ভারতীয় ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। খেলবেন- ধ্রুব জুরেল, বি সাই সুদর্শন, নীতিশ কুমার রেড্ডি এবং প্রসিধ কৃষ্ণা। জুরেলকে শ্রেয়সের ডেপুটি হিসেবে মনোনীত করা হয়েছে। দ্বিতীয় মাল্টি-ডে ম্যাচের জন্য অভিজ্ঞ ব্যাটার কেএল রাহুল এবং তারকা পেসার মহম্মদ সিরাজকে দলে যোগ করা হবে। যদিও এই দল খুব একটা সিনিয়র দল নয়, তবে ভারতের লাল বলের সেটআপে শ্রেয়সের প্রত্যাবর্তনকেই চিহ্নিত করে। অক্টোবরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট খেলতে প্রস্তুত ভারত। ইন্ডিয়া 'এ' দলে খেলার অভিজ্ঞতাই শ্রেয়সকে সিনিয়র দলে ফেরার পথ করে দিতে পারে।
আরও পড়ুন: পরনে বুলেটপ্রুফ ভেস্ট, আগ্নেয়াস্ত্র হাতে ধামাকাদার অ্যাকশন! মাধবনকে নিয়ে কোন মিশনে মাহি!
ঘরোয়া মাতানো তারকারা
ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে আলো ছড়ানো বেশ কয়েকজন প্রতিভাবান ভারতীয় ক্রিকেটারকে ইন্ডিয়া 'এ' দলে জায়গা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন আয়ূষ বাদোনি, তনুশ কোটিয়ান, হর্ষ দুবে, মানব সুতার, এন জগদীসন এবং গুরনূর ব্রারের মতো খেলোয়াড়রা। দুটি মাল্টি-ডে ম্যাচ লখনউতে অনুষ্ঠিত হবে। এরপর ইন্ডিয়া 'এ' দল অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর, ৩ অক্টোবর এবং ৫ অক্টোবর তিনটি একদিনের ম্যাচ খেলবে। একদিনের খেলাগুলি কানপুরে অনুষ্ঠিত হবে। চোটের কারণে সরফরাজ খান শ্রেয়সদের দলে জায়গা পাননি। এই দলে ভারতের সাদা বলের দলের কোনও খেলোয়াড় নেই, কারণ একই মাসে এশিয়া কাপের জন্য মাঠে নামবে টিম।
ইন্ডিয়া 'এ' স্কোয়াড
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, এন জগদীসন (উইকেটকিপার), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, হর্ষ দুবে, আয়ূষ বাদোনি, নীতীশ কুমার রেড্ডি, তনুশ কোটিয়ান, প্রসিধ কৃষ্ণা, গুরনূর ব্রার, খলিল আহমেদ, মানব সুতার ও যশ ঠাকুর।
এশিয়া কাপের প্রসঙ্গে শ্রেয়স
আরও পড়ুন: চর্চায় হার্দিক-সূর্যর নতুন হেয়ারকাট, এবার হাকিম চালাননি কাঁচি! তাহলে চুল কাটলেন কে?
শ্রেয়সকে এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া মেনে নিতে পারেননি হরভজন সিং ও ইরফান পাঠানের মতো বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটাররা। আর নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক বিবৃতিও দিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার অভিষেক নায়ারও। যিনি কিছুদিন আগেও গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফ টিমে ছিলেন। আকাশ চোপড়াও মুখ খুলেছিলেন। এশিয়া কাপ থেকে বাদ পড়া নিয়ে শ্রেয়স মুখ খুললেন। এক পডকাস্টে তিনি বলেছেন, 'সেই সময়ে খুব হতাশ লাগছিল। কিন্তু একই সঙ্গে, আপনি জানেন যে, কেউ দলের জন্য ধারাবাহিকভাবে পারফর্ম করছে এবং খেলছে এবং তাদের সেরাটা বের করে আনছে, তখন আপনি তাদের সমর্থন করেন। অবশেষে লক্ষ্য হল দলের জয় এবং যখন দল জিতছে, তখন সবাই খুশি হয়। সুযোগ না পেলে লক্ষ্য রাখতে হবে যে, নিজের কাজ নীতিগত ভাবে করা। এটা এমন নয় যে আমাকে কেবল তখনই পারফর্ম করতে হবে যখন কেউ দেখছে, যখন কেউ দেখছে না, তখনও কাজ চালিয়ে যেতে হবে।'
আগুনে ফর্মে শ্রেয়স
২০২৩ থেকে শ্রেয়স দেশের জার্সিতে ক্ষুদ্রতম সংস্করণে খেলেননি। বিগত দুই মরসুমে শ্রেয়সের টি-টোয়েন্টি রেকর্ড চমকে দেওয়ার মতো। পঞ্জাব কিংসের হয়ে চলতি আইপিএলে প্রীতি জিন্টার দলের অধিনায়ক আলো ছড়িয়েছেন। ১৭৫.০৭-এর স্ট্রাইক রেটে ৬০৪ রান করেছিলেন ৫০.৩৩- এর গড়ে। স্পিনের বিরুদ্ধে তাঁর আধিপত্য ছিল দেখার মতো। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেট মিলিয়ে সোনালি দৌড়ে ছিলেন তিনি। বিগত দু'বছরে, তিনি কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল খেতাব জিতিয়েছেন ২০২৪ সালে। সৈয়দ মুসতাক আলি ট্রফিতে মুম্বইকে জিতিয়েছেন। সোবো মুম্বই ফ্যালকনসকে মুম্বই টি-টোয়েন্টি লিগের ফাইনালে নিয়ে গিয়েছিলেন। এবার আইপিএলে প্রথমবার পঞ্জাবের দায়িত্ব নিয়েই ফাইনালে তুলেছেন। তাঁর সাফল্য শুধু সাদা বলের ক্রিকেটেই সীমাবদ্ধ ছিল না। ২০২৩-২৪ সালে মুম্বইয়ের রঞ্জি ট্রফি জয়ের অংশ ছিলেন। তারপরে ইরানি কাপ জিতেছিলেন। চলতি বছরের শুরুতে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতেও রেখেছেন অবদান। মিডল অর্ডারের আগুনে ব্যাটার হয়েও কীভাবে শ্রেয়সকে গৌতম গম্ভীর বাদ দিতে পারেন, তা বুঝতেই পারছেন না সমর্থকরা। আইয়ারের শেষ টি-টোয়েন্টিআই ইনিংস ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরুতে। কঠিন পরিস্থিতিতে ৫৩ রানের গুরুত্বপূর্ণ ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Subhapam Saha
বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...
...Read More