West Bengal Assembly Election 2026: প্রচণ্ড দাবদাহের কবলে চুঁচুড়ার বিদায়ী বিধায়ক! দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে বেরিয়ে 'লু' লেগে অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হলেন অসিত মজুমদার। রক্তচাপ ও পেটের সমস্যায় ভুগছেন বর্ষীয়ান এই নেতা। আপাতত বন্ধ ভোট প্রচার। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।

বিধান সরকার: দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়চড়িয়ে বাড়ছে। এই প্রচণ্ড গরমে সাধারণ মানুষের পাশাপাশি নাজেহাল রাজনৈতিক প্রার্থীরাও। এবার সেই দাবদাহের বলি হলেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। ভোটের প্রচার চলাকালীন তীব্র গরমে 'লু' লেগে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বর্তমানে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন এই তৃণমূল নেতা।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে কোমর বেঁধে প্রচার চালাচ্ছিলেন অসিতবাবু। গতকাল হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত তাঁকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অসহ্য গরমে ‘লু’ লাগার ফলেই এই বিপত্তি। তাঁর রক্তচাপের অস্বাভাবিক ওঠানামা শুরু হয়েছে, সঙ্গে দেখা দিয়েছে পেটের সংক্রমণ। এছাড়া আগে থেকেই ডায়াবেটিসজনিত সমস্যা থাকায় চিকিৎসকরা তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না।
নার্সিংহোমের বিছানায় শুয়েই অসিত মজুমদার জানান, “প্রচারে বেরিয়ে লু লেগে অসুস্থ হয়ে পড়েছি। চিকিৎসক কড়াভাবে বিশ্রাম নিতে বলেছেন।” বর্তমানে চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন। তবে অসুস্থতার কারণে আপাতত তাঁর ভোট প্রচারে বের হওয়া সম্পূর্ণ বন্ধ।
নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে দলের অভিজ্ঞ নেতার হঠাৎ অসুস্থতায় কিছুটা চিন্তিত স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দেবাংশু ভট্টাচার্যের প্রচারসঙ্গী হিসেবে তাঁর অনুপস্থিতি মাঠের লড়াইয়ে প্রভাব ফেলবে কি না, তা নিয়ে চর্চা শুরু হলেও আপাতত সকলেরই কাম্য অসিতবাবুর দ্রুত আরোগ্য।
অসিত মজুমদারের অসুস্থতার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছালেন চুঁচুড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এদিন তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। দেবাংশু ভট্টাচার্য জানান, প্রচারের সময় থেকেই অসিত মজুমদার কিছুটা অসুস্থ বোধ করছিলেন। তীব্র গরমের পাশাপাশি বয়সজনিত কারণও তাঁর অসুস্থতার পেছনে বড় ভূমিকা নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, “অসিত দা দীর্ঘদিন ধরে সিওপিডি-তে ভুগছেন, তার সঙ্গে রক্তচাপও ওঠানামা করছে। তাই আমি তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছি।” তিনি আরও জানান, অসিত মজুমদার নার্সিংহোম থেকে ছুটি নিতে আগ্রহী হলেও, চিকিৎসকদের অনুরোধ করা হয়েছে যেন তাঁর শারীরিক অবস্থা পুরোপুরি স্থিতিশীল না হওয়া পর্যন্ত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)