west Bengal assembly election 2026: তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেওয়ার পর আমজনতা উন্নয়ন পার্টির খড়গ্রামের প্রার্থী যাদব দাস সাংবাদিকদের বলেন.....

সন্দীপ ঘোষ চৌধুরী ও চিত্তরঞ্জন দাস: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে হুমায়ুন কবীরের ঘর ভাঙার শব্দ। সোমবার তাঁর ঘর ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির মানিকচকের প্রার্থী তোহিদুর রহমান। আর সেই দুর্ঘটনার ২৪ ঘণ্টা পার হতে না হতেই হুমায়ুনের দল ছাড়লেন মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভায় আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী যাদব দাস। যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
মঙ্গলবার কাটোয়ার তৃণমূল কার্যালয়ে যাদব দাসের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন পূর্ববর্ধমান জেলার দলীয় সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।তিনি জানান, আমজনতা উন্নয়ন পার্টির খড়গ্রামের প্রার্থী যাদব দাস তার দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল। কারণ যাদব বুঝতে পেরেছে বিজেপির হয়ে ভোট কাটতে আমজনতা উন্নয়ন পার্টি ভোটে লড়তে নেমেছে। সেই জন্যই ও তৃণমূলে ফেরত এসেছে। যাদব দাস এখন হ্যান্ডবিল ছাপিয়ে তৃণমূল প্রার্থী আশিস মার্জিতকে ভোট দেওয়া কথা বলবে।
অন্যদিকে, ভোটের মুখে হুমায়ুনের দল ছাড়লেন পশ্চিম বর্ধমানে জনাতা উন্নয়ন পার্টির ৪ প্রার্থী। পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে যোগ দিলেন পশ্চিম বর্ধমান জেলার চার আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীরা। রানীগঞ্জের প্রার্থী রাহুল ঘোষ, দুর্গাপুর পূর্বের প্রার্থী রুবিয়া বেগম, বারাবনির প্রার্থী অদ্বৈত্য দাস ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী জুবেদ শেখ।
ওই চার জন তৃণমূলে যোগ দিয়ে তারা বলেন,"সংখ্যালঘু ভোট কাটতে হুমায়ুন দল তৈরি করলেও কিছু কাজ হবে না। কারণ সংখ্যালঘুদের উন্নয়ন করে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই আমরা তৃণমূলে যোগ দিলাম ।" পাণ্ডবেশ্বর তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন," মহিলা ভোট কাটতে আম জনতা উন্নয়ন পার্টি বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছিল। কিন্তু তাতে কোন লাভ হলো না। সবাই বুঝতে পারছে তৃণমূলের উন্নয়ন। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তারা তৃণমূলে যোগ দিচ্ছেন। যারা যোগ দিয়েছে তারা সকলেই তৃণমূলের হয়ে প্রচারে নামবে।"
তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেওয়ার পর আমজনতা উন্নয়ন পার্টির খড়গ্রামের প্রার্থী যাদব দাস সাংবাদিকদের বলেন, আমি যে আদর্শ নিয়ে আমজনতা উন্নয়ন পার্টিতে গিয়েছিলাম সেটা ওখানে নেই। আমি সেজন্য তৃণমূলে ফিরে এলাম। আজ থেকে আমি তৃণমূলের হয়ে প্রচার করব। খড়গ্রামের বিধানসভা এলাকার মানুষকে বলব জোড়া ফুলে আশিস মার্জিতকে ভোট দিতে। এছাড়াও হ্যান্ডবিল ছাপিয়ে বিলি করব।
যাদব দাস আরও বলেন, কাটোয়া ও কেতুগ্রামের তৃণমূল প্রার্থীর হয়ে আমি প্রচার করব। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর মানুষ হিসেবে ভালো বলে যাদব জানান উনি সময় দিতে পারছেন না। প্রসঙ্গত উল্লেখ্য যাদব দাস আদপে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভার গঙ্গাটিকুরি গ্রামপঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত সদস্য। তৃণমূল কংগ্রেস ছেড়ে আম জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়ে মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভার প্রার্থী হয়ে ভোটে লড়তে নেমেছিলেন।
বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার পর থেকেই একের পর এর নেতা, কর্মী ও প্রার্থী হুমায়ুনের দল ছেড়ে চলে গিয়েছেন। গতকালই দল ছেড়ে দেন মানিকচকের প্রার্থী তোহিদুর রহমান। মানিকচক বিধানসভা কেন্দ্রে আমজনতা উন্নয়ন পার্টির হয়ে প্রচার শুরু করলেও, প্রার্থী হিসেবে নাম ঘোষণার এক সপ্তাহ কাটতে না কাটতেই সুর বদল করেন তোহিদুর রহমান। সোমবার মালদহ জেলা কংগ্রেসের সভাপতি তথা মালদহ উত্তরের সাংসদ ঈশা খান চৌধুরীর উপস্থিতিতে তিনি দলবদল করেন। ঈশা খান চৌধুরী নিজে তোহিদুর রহমানের হাতে কংগ্রেসের তেরঙা পতাকা তুলে দিয়ে তাঁকে দলে স্বাগত জানান।
এই যোগদান অনুষ্ঠানে জেলা কংগ্রেসের অন্যান্য পদাধিকারীরাও উপস্থিত ছিলেন। নির্বাচনের ঠিক আগে এই ধরণের দলবদল মানিকচক এলাকায় আমজনতা উন্নয়ন পার্টির জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)