কিরণ মান্না ও কমলাক্ষ ভট্টাচার্য: ৮ মে কলকাতায় গুরুত্বরূর্ণ বৈঠক অমিত শাহের। ওই দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বিজেপির সব নির্বাচিত বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। বিজেপির অন্দরমহলের এক্সক্লুসিভ রিপোর্ট বলছে, মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দুই। এমনকি সেইসঙ্গে বাকি কে কোন দফতর পেতে চলেছেন, সেই পোর্টফোলিও-ও মোটামুটি স্থির। তবে এদিন নন্দীগ্রামে 'মুখ্যমন্ত্রী শুভেন্দুকেই চাই', আওয়াজ উঠতেই শুভেন্দু দিলেন স্পষ্ট জবাব। প্রসঙ্গত বিজেপি সূত্রে খবর, ২ জন ডেপুটি সিএম পেতে পারে বাংলা। উত্তরবঙ্গ ও দক্ষিনবঙ্গ থেকে একজন করে অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধি পেতে পারেন দায়িত্ব।
Add Zee News as a Preferred Source
এদিন নন্দীগ্রামে শুভেন্দুর স্পষ্ট বার্তা- উস্কানিতে পা নয়। উন্নয়নের প্রতিশ্রুতি পুনরায় জোর দিলেন তিনি। একইসঙ্গে বললেন অভিষেক প্রসঙ্গ এখন অপ্রাসঙ্গিক। নন্দীগ্রামে সফরে এসে এদিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী উস্কানিমূলক রাজনীতি থেকে দূরে থাকার বার্তা দেন দলীয় কর্মীদের। হনুমানজি ও জানকীনাথ মন্দিরে পূজো দেওয়ার পর একটি স্ট্রিট কর্নার সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কেউ উস্কানিতে পা দেবেন না, হিংসার পথে যাবেন না।” পাশাপাশি, দলীয় ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে বলেও আশ্বাস দেন তিনি। আশ্বাস দেন, ইশতেহারে প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পও কার্যকর করা হবে।
সেইসময়ই নন্দীগ্রামের কর্মী-সমর্থকরা আওয়াজ তোলেন, “শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই।” যার জবাবে শুভেন্দুর স্পষ্ট উত্তর, কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। নন্দীগ্রামের মানুষের মুখে “শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই” স্লোগান নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ীই সব সিদ্ধান্ত হবে।
প্রসঙ্গ, একুশের পর ছাব্বিশেও 'জায়ান্ট কিলার' শুভেন্দু। পর পর ২ বার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়াকে। তাই লড়াকু শুভেন্দুকেই বিজেপি শীর্ষ নেতৃত্ব পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিচ্ছেন বলে সূত্রের খবর। ৮ মে কলকাতায় এসে বিজেপির নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নিউটাউন কনভেনশন সেন্টারে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা।
জানা যাচ্ছে, ৮ মে কনভেনশন সেন্টারের হল সেভেন অডিটরিয়াম হলে বিজেপির নব নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে কে কোন মন্ত্রী হবেন ঘোষণা করা হবে। এরপর নব নির্বাচিত মন্ত্রীদের নিয়েও বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই কারণে আজ নিউটাউন কনভেনশন সেন্টার পরিদর্শন করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় সিং মাহাতো। ছিলেন নব নির্বাচিত বিধায়ক শঙ্কর ঘোষ, বিমান ঘোষ। তাঁরা নিউটাউন কনভেনশন সেন্টারের হল ফাইভ ও হল সেভেন অডিটরিয়াম ঘুরে দেখেন।
সবকিছু ঠিকঠাক থাকলে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হতে পারে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। বর্ণাঢ্য সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গড়করিরা। কবে শপথ? প্রথমে শোনা গিয়েছিল, ৯ মে হতে পারে শপথ। কিন্তু ৯ মে এবছর ২৫শে বৈশাখ পড়েছে। তাই কবিগুরুর আবেগ বনাম শনিবারের গেড়ো, এই দোটানায় এখন বিজেপি। সেক্ষেত্রে শনিবারের পরিবর্তে রবিবারও হতে পারে শপথ। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ সন্ধ্যায়।
আরও পড়ুন, Asansol Durga Temple reopens: বিজেপির জয়ে ১৫ বছর পর খুলল ‘বন্ধ’ দুর্গা মন্দিরের দরজা- নিয়ম মেনে শুরু পুজো, ভক্তদের উচ্ছ্বাস
আরও পড়ুন, Abhishek Banerjee Security: No গার্ড রেল, No ২৪×৭ পুলিস- আর কোনও বিশেষ নিরাপত্তা নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সিকিউরিটিতে বড় বদল
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)