অয়ন ঘোষাল: গত বৃহস্পতিবার কলকাতায় দিনের তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি। গতকাল সেই তাপমাত্রা বেড়ে হয়েছে ৩৫ ডিগ্রি। আজ আরও বেড়ে হবে ৩৬ ডিগ্রি। পশ্চিমের জেলায় পারদ পৌঁছাতে পারে ৪০ এর কাছাকাছি। চৈত্রের কাঠ ফাটা গরমে ভোটের বাজারে নাস্তানাবুদ হবে দক্ষিণবঙ্গ। শুক্রবার দাবদাহে পুড়বে পশ্চিমের জেলাগুলি।
Add Zee News as a Preferred Source
বৃষ্টির পূর্বাভাস:
আগামী সাতদিন দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে বৃষ্টি পশ্চিমের দু-এক জেলায় এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গে ১৪ ও ১৫ এপ্রিল বিক্ষিপ্ত বৃষ্টি। তবে সেই বৃষ্টি তাপমাত্রার দহন জ্বালায় তেমন স্বস্তি দিতে ব্যর্থ হবে বলেই অনুমান।
আরও পড়ুন:Cyclone Vaianu: ভয়াল 'ভাইয়ানু'; প্রতি ঘণ্টায় ১৫০ কিমির হিংস্র বেগে ছুটছে দুরন্ত সাইক্লোন, জারি লাল সতর্কতা
দক্ষিণবঙ্গে
দক্ষিণবঙ্গে ক্রমশ তাপমাত্রা বাড়বে। চড়া রোদের তেজ বেলা ১২ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত ফিল লাইক বা তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি তৈরি করবে। কাল মঙ্গলবার থেকে গরম ও অস্বস্তি আরও বাড়বে। ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে শুক্রবার পর্যন্ত।
মঙ্গলবার ও বুধবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে পশ্চিমের দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম, মুর্শিদাবাদে।
মঙ্গলবার থেকে শুক্রবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বেশ কিছু জেলাতে। মঙ্গলবার ও বুধবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা জারি আলিপুর আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার ও শুক্রবার সব থেকে বেশি গরম ও অস্বস্তি। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সর্তকতা জারি হয়েছে।
উত্তরবঙ্গে
উত্তরবঙ্গে আজ সোমবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। তাপমাত্রা সামান্য বাড়বে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।
আরও পড়ুন:Bengal Weather Update: নববর্ষে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস: আবহাওয়ার লেটেস্ট আপডেট
উত্তরবঙ্গের নিচের দিকের জেলা-সহ বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।
কলকাতায়
কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠলেও গতকাল পর্যন্ত দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে ছিল। আজ দিনের তাপমাত্রা স্বাভাবিক বা তার সামান্য ওপরে উঠবে। আজ সোমবার সকাল থেকেই পরিষ্কার আকাশ। পরে বেলার দিকে কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আগামী তিন-চার দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার পর্যন্ত চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)