Burdwan Galsi shocking news: মা মেহেরুন্নেসা খাতুন জানান, পরশু মেয়ে গোপনে ফোন করে। কাল মেসেজ করে বাড়ি নিয়ে যাবার জন্য কাকুতি মিনতি করে।
)
পার্থ চৌধুরী: তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমানের গলসী ২ ব্লকের কুড়মুনা চন্দনপুর গ্রামে। ঘটনাস্থলে বিরাট পুলিশবাহিনী।
ঘটনার সূত্রপাত:
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দুই ধর্মের যুবক-যুবতী আজ থেকে আট মাস আগে প্রেম করে বিয়ে করে। ছেলেটির নাম, প্রীতম নন্দী। মেয়েটির নাম, সুলতানা পারভিন( সাথী)। তার বাপের বাড়ি গলসীরই কুরকুবা আস্করণ গ্রামে। তাঁরা জানান,এই বিয়েতে মেয়ের বাড়ির মত ছিল না। বিয়ের পর মেয়েটি শ্বশুরবাড়িতেই থাকত। ভালোভাবেই ছিল তাঁরা।
নববধূর উপর অত্যাচার:
গ্রামবাসীদের বক্তব্য, সম্প্রতি ওই নববিবাহিত বধূ ফোনে বাপের বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করে। তাদের অনুমান, মেয়েটি জানিয়েছিল তাঁর উপর অত্যাচার হচ্ছে। গ্রামবাসীরা জানান, সেইমত বৃহস্পতিবার মেয়ের বাবা,মা, পিসি একটি গাড়ি করে খন্ডঘোষ বিধানসভার কুড়মুনা চন্দনপুরে আসে। সে সময় উভয়পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, ছেলে, ছেলের বাবা ও বোন গাড়ি ভাঙচুর ও মারধর করে। মেয়েটিকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। গ্রামবাসী শেখ ইয়াসিন ও মণিরুলের অভিযোগ, পুলিসে খবর দিলেও পুলিস বিষয়টি আদালতে মিটিয়ে নেবার পরামর্শ দেয়।
অভিযোগ:
এদিকে শুক্রবার সকালে শ্বশুরবাড়ির লোকেরা জানান, মেয়ে সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতার একাংশ ছেলের বাড়ি চড়াও হয়৷ ছেলেটিকে মারধর করা হয়। সে বর্তমানে চিকিৎসাধীন। ক্ষুব্ধ গ্রামবাসীদের অনুমান, মেয়েটির মৃত্যু স্বাভাবিক নয়।
খবর পেয়ে বিরাট পুলিসবাহিনী এলাকায় উপস্থিত হয়। এলাকায় পুলিস পিকেট রয়েছে। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিস সুপার অর্ক ব্যানার্জি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তদন্ত চলছে। সবটাই এখন প্রাথমিক স্তরে রয়েছে। তদন্ত শেষ হলে জানান হবে।
পরিবারের বক্তব্য:
এদিকে মেয়ের বাবা মা গলসী থানায় শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ জানান। তার মা মেহেরুন্নেসা খাতুন জানান, পরশু মেয়ে গোপনে ফোন করে। কাল মেসেজ করে বাড়ি নিয়ে যাবার জন্য কাকুতি মিনতি করে। নিয়ে যেতে এলে ছেলে,তার বাবা ও বোন সবাইকে মারধর করে। গাড়ি ভাঙচুর করে। টানাপোড়েনে মেয়ে অজ্ঞান হয়ে যায়।
তার দাবি, তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকেরা চারজন মিলে খুন করেছে। তাদের শাস্তি চাই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)